প্রধান বিচারপতির বক্তব্য সংবাদে বিকৃতভাবে প্রচারিত হয়েছে: অ্যাটর্নি জেনারেল

প্রধান বিচারপতি বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর বক্তব্য বিকৃত, খণ্ডিত ও অতিরঞ্জিতভাবে প্রচারের অভিযোগ তুলে সংশ্লিষ্ট সংবাদ প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

বিবৃতিতে অ্যাটর্নি জেনারেল বলেন, প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগে একটি মামলার শুনানি চলাকালে তার একটি কথিত উক্তিকে কেন্দ্র করে কয়েকটি গণমাধ্যমে আংশিক, খণ্ডিত, অতিরঞ্জিত ও বিকৃত তথ্য প্রকাশ ও প্রচার করা হয়েছে।

তিনি বলেন, এ বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মো. আমিনুল ইসলাম, যিনি সংশ্লিষ্ট মামলার কার্যক্রম চলাকালে আদালতে উপস্থিত ছিলেন, বৃহস্পতিবার গণমাধ্যমের উদ্দেশ্যে সুস্পষ্ট ব্যাখ্যা ও প্রেস বিজ্ঞপ্তি দিয়েছেন। একই দিন বাংলাদেশ সুপ্রিম কোর্টের পক্ষ থেকেও এ বিষয়ে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

অ্যাটর্নি জেনারেল জানান, চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামের সঙ্গে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার অনীক আর হকও আদালতে উপস্থিত ছিলেন। তাদের বক্তব্য অনুযায়ী, প্রধান বিচারপতি গণমাধ্যমে প্রচারিত কথিত বক্তব্যটি দেননি; বরং তার বক্তব্যকে বিকৃত ও খণ্ডিতভাবে উপস্থাপন করা হয়েছে।

বিবৃতিতে অ্যাটর্নি জেনারেল আশা প্রকাশ করেন, চিফ প্রসিকিউটরের সুস্পষ্ট ব্যাখ্যার পর সংশ্লিষ্ট গণমাধ্যমগুলো ইতোমধ্যে প্রকাশিত সংবাদ প্রত্যাহার করে প্রকৃত তথ্য জনসমক্ষে তুলে ধরবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের প্রধান বিচারপতি কেবল একজন ব্যক্তি নন; তিনি দেশের বিচার বিভাগের সর্বোচ্চ সাংবিধানিক প্রতিষ্ঠানের নেতৃত্বের প্রতীক। বিচার বিভাগের স্বাধীনতা, আইনের শাসন এবং সাধারণ মানুষের বিচারপ্রাপ্তির ক্ষেত্রে সুপ্রিম কোর্ট ও প্রধান বিচারপতির প্রতিষ্ঠানগত মর্যাদা ও কর্তৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রধান বিচারপতির কোনো বক্তব্য বিকৃত, খণ্ডিত কিংবা অতিরঞ্জিতভাবে উপস্থাপন করা হলে তা শুধু একজন সাংবিধানিক পদধারীর মর্যাদাই ক্ষুণ্ন করে না, বরং সুপ্রিম কোর্টের কর্তৃত্ব ও কার্যকারিতা এবং বিচারব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থাও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে বলে বিবৃতিতে উল্লেখ করেন তিনি।

বিচারপতিরা বিচারিক দায়িত্ব পালনের ক্ষেত্রে নিরপেক্ষতা, সংযম ও প্রাতিষ্ঠানিক মর্যাদা বজায় রাখার স্বার্থে তাদের সম্পর্কে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ বা বক্তব্যের বিষয়ে সাধারণত নিজের অবস্থান ব্যাখ্যা করে বিবৃতি দিতে পারেন না বলেও উল্লেখ করেন অ্যাটর্নি জেনারেল। এ কারণে বিচারপতিদের বক্তব্য সম্পর্কে ভুল, বিভ্রান্তিকর বা বিকৃত তথ্য প্রচারিত হলে তা সংশোধনের দায়িত্ব সংশ্লিষ্ট গণমাধ্যমের ওপর আরও বেশি বর্তায় বলে তিনি মনে করেন।

বিবৃতির শেষাংশে সংশ্লিষ্ট গণমাধ্যম, সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের প্রতি আহ্বান জানিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, যারা প্রধান বিচারপতির বক্তব্য সম্পর্কে অসম্পূর্ণ, বিকৃত, খণ্ডিত কিংবা অতিরঞ্জিত তথ্য প্রচার করেছেন, তারা যেন অবিলম্বে সেসব সংবাদ প্রত্যাহার করেন এবং যথাযথ সংশোধনী প্রকাশ করেন।

বিচার বিভাগের মর্যাদা রক্ষা এবং বিচারব্যবস্থার প্রতি জনগণের আস্থা অটুট রাখা সবার সম্মিলিত দায়িত্ব বলেও বিবৃতিতে উল্লেখ করেন তিনি।