রাজধানীর মিরপুরে একটি ভবনের নিচতলায় কাপড়ের গুদামে অগ্নিকাণ্ড ঘটছে। আগুনের ধোয়ায় ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন ভবনের পাঁচ বাসিন্দা। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
ওই পাঁচ জন হলেন– ময়না আক্তার (৩৬), মঈন খান (১৫), ফাতেমা (৯), নাদিরা (৩০) ও ফাতেমা (৩০)। তারা ওই ভবনের দ্বিতীয় ও চতুর্থ তলার বাসিন্দা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতের দিকে মিরপুর-১০ নম্বর এলাকার প্যারিদাস রোডের (লেন-৩৩) ৪ নম্বর বাসার নিচতলায় এ আগুনের ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে রাত সাড়ে ১১টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়।
আহত নাদিরার স্বজন লাকি আক্তার জানান, ভবনটির মালিক গার্মেন্টের ঝুট কাপড়ের ব্যবসা করেন। এসব কাপড় নিচতলার গুদামে রাখা ছিল। রাত ৯টার দিকে ভবনটির নিচতলায় অবস্থিত সেই ঝুট কাপড়ের গোডাউনে হঠাৎ আগুন লাগে। মুহূর্তেই আগুনের কালো ধোঁয়া পুরো ভবনে ছড়িয়ে পড়লে দ্বিতীয় ও চতুর্থ তলার পাঁচ বাসিন্দা শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে আনা হয়।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ বলেন, পাঁচ জনেরই শ্বাসনালিতে ধোঁয়া প্রবেশ করায় তারা অসুস্থ হয়েছেন।