রাজধানীর ধানমন্ডি থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন, সাবেক সচিব মো. মিজানুর রহমান ও অভিনেতা মো. আরিফ মাহমুদ তমালকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ।
শুক্রবার (২০ নভেম্বর) ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. সেলিম রেজা আদালতে এ আবেদন করেন। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হকের আদালতে আজ বিকালে রিমান্ড আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ এ তথ্য জানান।
রিমান্ড আবেদনে বলা হয়, গত ২২ মে ধানমন্ডির রাপা প্লাজার সামনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের প্রায় ২০০ থেকে ২৭৪ জন নেতাকর্মী সরকারবিরোধী মিছিল করার উদ্দেশে সমবেত হন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেকে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তায় কয়েকজনকে আটক করা হয়। এ ঘটনায় পরদিন ২৩ মে ধানমন্ডি থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়।
তদন্ত কর্মকর্তা আবেদনে উল্লেখ করেন, গ্রেফতার তিন জন ওই ঘটনার সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন বলে তদন্তে তথ্য পাওয়া গেছে। এ ছাড়া তাদের সঙ্গে মামলার পলাতক আসামিদের যোগাযোগ রয়েছে বলেও তথ্য মিলেছে।
আবেদনে আরও অভিযোগ করা হয়, আসামিরা সরকারবিরোধী ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড পরিচালনার জন্য অর্থ ও অস্ত্রশস্ত্র সরবরাহ করতেন। পাশাপাশি বিভিন্ন উৎস থেকে অর্থ ও অস্ত্র সংগ্রহ করে মাঠপর্যায়ের দুষ্কৃতিকারী ও সন্ত্রাসীদের কাছে পৌঁছে দিতেন।
মামলার পলাতক আসামিদের পূর্ণাঙ্গ নাম-ঠিকানা সংগ্রহ, তাদের গ্রেফতার, অর্থের উৎস শনাক্ত এবং অস্ত্রশস্ত্র উদ্ধারের স্বার্থে গ্রেফতার তিন জনকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করেছেন তদন্ত কর্মকর্তা। এ কারণে তাদের প্রত্যেকের ১০ দিনের রিমান্ড মঞ্জুরের আবেদন জানানো হয়েছে।