লালমাটিয়ায় গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয়ে টাকা দাবি, যুবক আটক

রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয়ে ভয়ভীতি দেখিয়ে টাকা দাবির অভিযোগে মো. সোহাগ বেপারী (৩৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় তার সহযোগী রতন মোটরসাইকেল নিয়ে পালিয়ে গেছেন।

শুক্রবার (২০ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে লালমাটিয়ার অক্সফোর্ড ইংলিশ মিডিয়াম স্কুলের পেছনের সড়ক থেকে সোহাগকে আটক করা হয়।

মোহাম্মদপুর থানার ওসি আব্দুল হালিম বলেন, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিনের বেলায় সোহাগ ও রতন নামে দুই ব্যক্তি এনএসআই সদস্য পরিচয়ে লালমাটিয়া ডি ব্লকের মাঠে চলমান একটি মেলায় যান। সেখানে কয়েকজনকে টার্গেট করে ভয়ভীতি দেখিয়ে টাকা দাবি করেন তারা। বিষয়টি স্থানীয়দের মধ্যে জানাজানি হলে তাদের হাতেনাতে ধরার চেষ্টা করা হয়।

ওসি জানান, শুক্রবার রাতে লালমাটিয়া অক্সফোর্ড ইংলিশ মিডিয়াম স্কুলের পেছনের গলিতে ওই দুজন এক ব্যক্তির কাছে এনএসআই সদস্য পরিচয়ে টাকা দাবি করেন। এ সময় স্থানীয়রা সোহাগকে আটক করেন। তবে তার সহযোগী রতন মোটরসাইকেল নিয়ে দ্রুত পালিয়ে যান। স্থানীয়রা সোহাগকে মারধর করে পুলিশের কাছে সোপর্দ করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।

ওসি আরও জানান, আটক সোহাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও মারামারিসহ একাধিক মামলার তথ্য পাওয়া গেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।