হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৭ কেজি ৫০০ গ্রাম স্বর্ণের পেস্টসহ গ্রেফতার তিনজনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। উদ্ধার করা স্বর্ণের বাজারমূল্য আনুমানিক প্রায় ১১ কোটি ৬৭ লাখ টাকা।
রবিবার (২২ নভেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা ও বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন এ আদেশ দেন।
রিমান্ডে নেওয়া আসামিরা হলেন, মো. ইয়াছিন আরাফাত সৌরভ (২৯), মো. জাকিবুল ইসলাম জুয়েল (৫৩) ও মো. শাওন (৩৯)। সৌরভের বাড়ি মুন্সীগঞ্জ সদর উপজেলায়, জাকিরুলের নোয়াখালীর সুধারাম উপজেলায় এবং শাওনের কুমিল্লার বরুড়া উপজেলায়।
এর আগে তদন্ত কর্মকর্তা আসামিদের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত প্রত্যেকের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ রিমান্ডে পক্ষে শুনানি করেন। আদালত উভয়পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন। ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের এসআই মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সূত্র জানায়, পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ওই তিনজনকে আটক করা হয়। পরে এপিবিএন কার্যালয়ে সৌরভের দেহ তল্লাশি করে কোমরে কমলা রঙের কাপড়ে মোড়ানো ১৫টি ডিম্বাকৃতির বস্তু পাওয়া যায়। স্বর্ণকারের মাধ্যমে পরীক্ষা ও রাসায়নিক বিশ্লেষণের পর সেগুলো স্বর্ণের পেস্ট বলে শনাক্ত করা হয়। উদ্ধার করা স্বর্ণের বিশুদ্ধতা ২৪ ক্যারেট এবং ওজন ৭ কেজি ৫০০ গ্রাম।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, সৌরভ নিয়মিত সৌদি আরবে যাতায়াত করেন। সেখান থেকে অভিনব কৌশলে স্বর্ণ এনে জাকিরুল ও শাওনসহ দেশের অন্য ব্যক্তিদের সহযোগিতায় চোরাচালান করতেন। তারা দীর্ঘদিন ধরে বিমানবন্দরকেন্দ্রিক স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত এবং একটি সংঘবদ্ধ চক্রের সক্রিয় সদস্য বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে আইনশৃঙ্খলা বাহিনী।
এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫বি(১)(বি)/২৫ডি ধারায় বিমানবন্দর থানার এসআই মো. আবুল কালাম মামলা দায়ের করেন। এই চক্রের সঙ্গে আরও কারা জড়িত, তা শনাক্ত করতে বিস্তারিত তদন্তের জন্য এ রিমান্ড আবেদন করা হয়।