মালিবাগ ও কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীর মালিবাগ ও কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রবিবার (২২ নভেম্বর) দুপুর ও বিকালে এ দুটি ঘটনা ঘটে।  

শাহজাহানপুর থানার ওসি আমিরুল ইসলাম জানান, মালিবাগে আবুজর গিফারী কলেজসংলগ্ন সরকারি অফিসার্স কোয়ার্টারের ভেতরে ও কলেজ মাঠে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ হতাহত হননি। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িত ব্যক্তিকে শনাক্ত করার চেষ্টা চলছে। 

এদিকে, বিকালে কবি নজরুল কলেজে সামনে দুইটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কলেজের একজন কর্মচারী ও দুইজন শিক্ষার্থী আহত হন।

সূত্রাপুর থানার ওসি মতিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।