ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ: দুই শিক্ষার্থী কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলায় প্রতিষ্ঠানটির দুই শিক্ষার্থী আপেল মাহমুদ ও রায়হান আহমেদ নাহিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। অপর এক শিক্ষার্থী শিশু হওয়ায় তাকে গাজীপুরের টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।

রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম দুই শিক্ষার্থীকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আরেক শিক্ষার্থীকে কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আদেশ দেন ঢাকার শিশু আদালত-২-এর বিচারক সিরাজাম মুনীরা। প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

শনিবার রাত ১২টার দিকে ঢাকা কলেজের দুই হল থেকে ককটেল বিস্ফোরণের অভিযোগে তিন শিক্ষার্থীকে আটক করা হয়। পরে তাঁদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে নিউমার্কেট থানায় মামলা করেন ঢাকা কলেজের প্রধান সহকারী মো. আবু জায়েদ।

রবিবার তিন শিক্ষার্থীকে আদালতে হাজির করা হয়। তাঁদের মধ্যে দুই আসামিকে কারাগারে আটক রাখার আবেদন এবং শিশুশিক্ষার্থীকে কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা নিউমার্কেট থানার এসআই মুহাম্মদ সারওয়ার জাহান মেহেদী। তবে কারও পক্ষে জামিনের আবেদন করা হয়নি বলে জানান এসআই মোক্তার হোসেন।

মামলার বিবরণে বলা হয়, শনিবার রাত ১২টা ৫ মিনিটের দিকে ঢাকা কলেজের ভেতরে বিজয়-২৪ হল ও নর্থ হলের মাঝামাঝি জায়গায় বিকট শব্দে একটি ককটেল বিস্ফোরণ ঘটে। শব্দ শুনে হলের শিক্ষার্থীরা বের হয়ে ঘটনাস্থলে যান। পরে কলেজের সাধারণ শিক্ষার্থীরা তিন শিক্ষার্থীকে আটক করেন। উত্তেজিত শিক্ষার্থীরা তাদের মারধর করে প্রশাসনিক ভবনের সামনে নিয়ে যান।

খবর পেয়ে নিউমার্কেট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত শিক্ষার্থীদের কাছ থেকে তিনজনকে নিজেদের হেফাজতে নেয়। পরে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

মামলায় অভিযোগ করা হয়, অজ্ঞাতনামা আরও তিন-চারজনের সঙ্গে পারস্পরিক যোগসাজশে কলেজ ক্যাম্পাসের শান্ত পরিস্থিতি অস্বাভাবিক করার উদ্দেশ্যে ছাত্রদের মধ্যে আতঙ্ক সৃষ্টি এবং তাদের জীবন ও হলের সম্পত্তির ক্ষতি সাধনের লক্ষ্যে ককটেল-জাতীয় বিস্ফোরক বিস্ফোরণ ঘটানো হয়। এতে ভয়ভীতি সৃষ্টি এবং জীবন ও সম্পত্তির ক্ষতি সাধনের চেষ্টা করা হয়েছে।