সাঈদ খোকনকে আরও ৫ দিনের রিমান্ড

জুলাই আন্দোলনের রাজধানীর ধানমন্ডির আবদুল মোতালেব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনকে ফের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকা মেট্রোপলিটন মাজিস্ট্রেট মোহাম্মদ ইসমাইলের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের রমনা জোনাল টিমের ইন্সপেক্টর সুজন হক মঙ্গলবার পাঁচ কারণ দেখিয়ে পুনরায় ৭ দিনের রিমান্ড আবেদন করেন।

পাঁচ কারণ হলো 

১. সাঈদ খোকনের কাছ থেকে পাওয়া তথ্যের যাচাই বাছাই করা।

২. তার দেওয়া তথ্যে আসামি শনাক্ত ও অজ্ঞাতনামা আসামিদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান পরিচালনা করা। 

৩. মামলার ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের অবস্থান শনাক্ত। 

৪. মামলার ঘটনায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার।

৫. মামলার মূল রহস্য ও মূল পরিকল্পনাকারীদের নাম-ঠিকানা সংগ্রহ করে গ্রেফতার।

গত ১৭ নভেম্বর রাজধানীর বারিধারার একটি বাসা থেকে সাঈদ খোকনকে আটক করে ডিবির কাছে সোপর্দ করে এসআরবি। ওই দিনই তার সাত দিনের রিমান্ডের আদেশ হয়।

মামলার বিবরণে বলা হয়, জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ৪ অগাস্ট জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় মিছিলে থাকা মোতালেব গুলিবিদ্ধ হয়ে মারা যায়। আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ২৬ অগাস্ট মোতালেবের বাবা আব্দুল মতিন ধানমন্ডি থানায় ওই হত্যা মামলা করেন। মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৭৬ জনকে আসামি করা হয়। আসামিদের মধ্যে সাঈদ খোকনেরও নাম ছিল।

অবিভক্ত ঢাকা সিটির মেয়র মোহাম্মদ হানিফের ছেলে সাঈদ খোকন ২০১৫ সালে ডিএসসিসি মেয়র নির্বাচিত হন। পরের দফায় মেয়র নির্বাচনে দলের মনোনয়ন পাননি তিনি। তবে দ্বাদশ সংসদ নির্বাচনে খোকন ঢাকা-৬ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।