ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৭

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময়ে ৫৭টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে ককটেল, মাদকদ্রব্য, মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্যসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৩২ জন, লালবাগ বিভাগে ৩৬ জন, ওয়ারী বিভাগে ৫৬ জন, মতিঝিল বিভাগে ৫৮ জন, তেজগাঁও বিভাগে ১০৫ জন, মিরপুর বিভাগে ১৩২ জন, গুলশান বিভাগে ৪০ জন, উত্তরা বিভাগে ৪১ জন, এসআরইউ বিভাগে চার জন এবং গোয়েন্দা বিভাগে তিন জন রয়েছেন।

অভিযানে একটি অবিস্ফোরিত ককটেল, ১৩টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ২০ কেজি ২৫৬ গ্রাম গাঁজা, ১২ হাজার ১৪২ পিস ইয়াবা, পাঁচ গ্রাম হেরোইন, ১৮ বোতল বিদেশি মদ ও ১১৮ ক্যান বিয়ার উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া একটি সিএনজি, ১৪টি মোবাইল ফোন, নগদ ২ হাজার ৬০০ টাকা এবং একজন ভিকটিম উদ্ধার করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।