রাজধানীর কাঁঠালবাগান বাজারের একটি আবাসিক ভবনে গ্যাসের চুলা থেকে লাগা আগুনে দগ্ধ সানজিদা (২০) মারা গেছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৭টা ১৫ মিনিটে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে এ ঘটনায় দগ্ধ হয়ে তিন জনের মৃত্যু হলো।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সানজিদার শরীরের ৩৭ শতাংশ দগ্ধ হয়েছিল।
এর আগে এ ঘটনায় সানজিদার মা, সাবা এবং তার দেড় বছর বয়সী সন্তান এসআর রহমান মাহাবের মৃত্যু হয়।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে কাঁঠালবাগান বাজারের একটি সাততলা আবাসিক ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে গ্যাসের চুলা থেকে আগুন লাগে। এতে একই পরিবারের তিন জনসহ পাঁচ জন দগ্ধ হন।