যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় অটোরিকশার চালক নিহত, কাতারগামী দুই যাত্রীসহ আহত ৩

রাজধানীর যাত্রাবাড়ীর রায়েরবাগে বাসের ধাক্কায় মাসুম মিয়া (৪০) না‌মের একজন অটোরিকশার চালক নিহত হ‌য়ে‌ছেন। আহত হ‌য়ে‌ছেন রিকশার আরোহী দুই বিদেশ যাত্রীসহ তিন জন। আহতরা হচ্ছেন, মো. বশির (৩৩), কাতার যাত্রী কাওসার হোসেন রুবেল (৩১) ও আলামিন (৩০)। 

বুধবার (২৫ নভেম্বর) সকালে ঘটনাটি ঘটে। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মাসুমকে মৃত ঘোষণা করেন। আহত আরোহী তিনজন চিকিৎসাধীন রয়েছেন। 

হাসপাতালে আহত বশিরের স্ত্রী জানান, আজ বেলা সাড়ে ১১টায় রুবেল ও আলামিনের কাতার যাওয়ার কথা। তাই দুজন আমাদের বাসা শনিরআখড়া রায়েরবাগ বাগানবাড়ি মসজিদের সামনে থেকে মেইন রোডে যাওয়ার উদ্দেশ্যে অটোরিকশা করে যাচ্ছিলেন। সেখান থেকে সিএনজি অটোরিকশা নিয়ে বিমানবন্দর যাওয়ার কথা ছিল। তাদের সঙ্গে আমার স্বামী বশিরও ছিলেন। তাদের রিকশাটি রায়েরবাগ বাসস্ট্যান্ডে গে‌লে একটি বাস সেটি ধাক্কা দিয়ে চলে যায়। 

এতে রিকশাটি ছিটকে পড়ে তারা সবাই আহত হন। লোকজন তাদের উদ্ধার করেন। পরে আমরা খবর পেয়ে দ্রুত সেখান থেকে হাসপাতালে নিয়ে আসি। আহত কাতার যাত্রী দুইজনের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায়। 

নিহত অটোচালক মাসুম মিয়া বরিশালের উজিরপুর উপজেলার মন্ড পাশা গ্রামের হারুন হাওলাদার এর ছেলে। 

সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. সেলিম বলেন, নিহতের মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহতরা জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন।