নাশকতার নেপথ্যে কারা, পুলিশ-প্রশাসনেও নজর গোয়েন্দাদের

গোপালগঞ্জে সাম্প্রতিক নাশকতা ও সহিংসতার নেপথ্যের যোগসূত্র খুঁজতে গিয়ে রাজনৈতিক নেতাদের পাশাপাশি এবার পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের দিকেও নজর পড়েছে গোয়েন্দাদের। কারা মাঠে তাণ্ডব চালিয়েছেন, সেই অনুসন্ধানের পাশাপাশি এখন খোঁজা হচ্ছে, কারা অর্থ দিয়েছেন, কারা উসকানি দিয়েছেন, আর কারা প্রশাসনের ভেতরে থেকে সহিংসতায় সহযোগিতা করেছেন। এরই মধ্যে নাশকতায় সম্পৃক্ততার অভিযোগে গ্রেফতার করা হয়েছে পুলিশের বিশেষায়িত বাহিনী স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) একজন কোম্পানি কমান্ডারকে। গোয়েন্দা নজরদারিতে রয়েছেন বৃহত্তর ফরিদপুর অঞ্চলের পুলিশ ও প্রশাসনের অন্তত তিন ডজনেরও বেশি কর্মকর্তা। একই সঙ্গে সহিংসতায় অর্থায়ন ও মদদ দেওয়ার অভিযোগে সাবেক সচিব, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা ও জনপ্রতিনিধিসহ ৯৭ ব্যক্তি এবং চার ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রাজস্ব গোয়েন্দাদের এই তৎপরতায় সামনে এসেছে গোপালগঞ্জের সহিংসতার ষড়যন্ত্রের ভয়ঙ্কর আরেকটি দিক। রাজনৈতিক কর্মসূচির আড়ালে সংঘটিত নাশকতার পেছনে কোনও সংঘবদ্ধ নেটওয়ার্ক সক্রিয় ছিল কিনা, রাজনৈতিক ও আর্থিক পৃষ্ঠপোষকতার সঙ্গে প্রশাসনের অভ্যন্তরীণ কোনও যোগসূত্র রয়েছে কিনা, সেসব প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তসংশ্লিষ্টরা।

গোয়েন্দা সূত্রগুলো বলছে, শুধু মাঠপর্যায়ের হামলাকারীদের গ্রেফতার করে নাশকতার পুনরাবৃত্তি ঠেকানো কঠিন। এ কারণে সহিংসতার নেপথ্যে থাকা সম্ভাব্য সংগঠক, অর্থের জোগানদাতা ও সহযোগীদের শনাক্ত করে আইনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। ব্যাংক হিসাব জব্দ এবং পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের গোয়েন্দা নজরদারিতে রাখার ঘটনাও সেই অনুসন্ধানের অংশ।

সন্দেহের কেন্দ্রে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মসূচি ঘিরে গোপালগঞ্জে ব্যাপক নাশকতা ও সহিংসতার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। বিশেষ করে মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনার পর পুলিশ ও প্রশাসনের অভ্যন্তরে কারও সঙ্গে নাশকতাকারীদের যোগাযোগ কিংবা সহযোগিতার সম্পর্ক ছিল কিনা, তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা। তারা বলছেন, গোপালগঞ্জের নাশকতার ঘটনায় বৃহত্তর ফরিদপুর অঞ্চলের পুলিশ ও প্রশাসনের অন্তত তিন ডজনেরও বেশি কর্মকর্তাকে গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে। সহিংসতায় তাদের প্রত্যক্ষ কিংবা পরোক্ষ সম্পৃক্ততা ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

প্রশাসনের কোনও কর্মকর্তা নিজের পদ-পদবি ও প্রভাব কাজে লাগিয়ে নাশকতায় সহযোগিতা করেছেন কিনা, কিংবা দায়িত্ব পালনে ইচ্ছাকৃত নিষ্ক্রিয়তার মাধ্যমে সহিংসতার সুযোগ তৈরি করে দিয়েছেন কিনা, তদন্তে এসব তথ্য খোঁজা হচ্ছে। তবে নজরদারিতে থাকা কর্মকর্তাদের নাম, পদবি কিংবা তাদের বিরুদ্ধে পাওয়া তথ্য তদন্তের স্বার্থে এখনই জানাতে চাচ্ছেন না সংশ্লিষ্টরা।

এসব বিষয়ে জানতে চাইলে পুলিশের অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপস) আহসান হাবীব পলাশ বাংলা ট্রিবিউনকে জানান, কতজন নজরদারিতে আছে, এমন তথ্য তার জানা নেই।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গ্রেফতার এসআরবি কমান্ডার

গোপালগঞ্জের মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় আলোচনায় আসা অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল হাসানকে সোমবার (২৩ নভেম্বর) রাতে ময়মনসিংহের এসআরবি-১৪ কার্যালয় থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) একটি দল। সংশ্লিষ্ট সূত্রের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে গোপালগঞ্জে সংঘটিত সাম্প্রতিক নাশকতায় তার সম্পৃক্ততার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।

আবুল হাসান ২০২৪ সালের ৫ আগস্টের আগে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। পরবর্তী সময়ে তাকে এসআরবিতে বদলি করা হয়। সর্বশেষ তিনি ময়মনসিংহের এসআরবি-১৪ তে কোম্পানি কমান্ডার হিসেবে কর্মরত ছিলেন।

তবে গোপালগঞ্জের সাম্প্রতিক নাশকতায় সম্পৃক্ততার অভিযোগে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে বলে সূত্র জানালেও আদালতে তাকে গ্রেফতার দেখানো হয়েছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও দলটির কর্মী মকবুল হোসেন হত্যা মামলায়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকালে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ঢাকা মহানগর প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক রোকনুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য যাচাই করছে ডিবি

আবুল হাসানকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের উপপরিদর্শক মো. তোফাজ্জল হোসেন।

আবেদনে তোফাজ্জল হোসেন উল্লেখ করেন, মামলার তদন্তকালে বিভিন্ন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে রাজনৈতিকভাবে বিরোধী পক্ষকে দমনে তৎকালীন সরকারকে সহযোগিতা করার অভিযোগ প্রাথমিকভাবে উঠে এসেছে আবুল হাসানের বিরুদ্ধে। জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডের বিষয়ে বেশ কিছু তথ্য দিয়েছেন। এসব তথ্য যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মামলাটি বর্তমানে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মতিঝিল বিভাগের তদন্তাধীন রয়েছে। তদন্তের স্বার্থে প্রয়োজন হলে পরবর্তী সময়ে তাকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হবে বলেও আদালতকে জানিয়েছেন এই তদন্ত কর্মকর্তা।

২০২২ সালের ৭ ডিসেম্বর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা যান দলটির কর্মী মকবুল হোসেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর পল্টন মডেল থানায় এ ঘটনায় মামলা করেন মাহফুজুর রহমান নামে এক ব্যক্তি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫৬ জনকে আসামি করা ওই মামলায় আবুল হাসান এজাহারনামীয় ১৭১ নম্বর আসামি।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘এসআরবিতে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসানকে গোপালগঞ্জের ঘটনায় গ্রেফতার করা হয়নি। তাকে পল্টন থানার একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে।  মামলাটি ডিবি তদন্ত করছে।’’

নাশকতার অর্থের উৎস খুঁজতে ১০১ ব্যক্তি-প্রতিষ্ঠানের হিসাব জব্দ

গোপালগঞ্জের নাশকতার তদন্তে সবচেয়ে বড় পদক্ষেপগুলোর একটি হচ্ছে আর্থিক খাত। সহিংসতায় অর্থায়ন ও অস্থিরতা সৃষ্টিতে মদদ দেওয়ার অভিযোগে ৯৭ ব্যক্তি এবং চারটি ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

গত তিন দিনে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে পৃথক চিঠি দিয়ে তালিকাভুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের আর্থিক লেনদেনের নথিপত্রও সংগ্রহ করা হচ্ছে। ব্যাংক ও এনবিআরের একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানিয়েছেন, প্রাথমিক অনুসন্ধানে তালিকাভুক্তদের আর্থিক লেনদেনের বিষয়ে কিছু তথ্য ও অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। এসব লেনদেনের সঙ্গে গোপালগঞ্জের সাম্প্রতিক সহিংসতার সম্পর্ক রয়েছে কিনা, তা নিয়ে অধিকতর তদন্ত চলছে। তাদের অর্থের উৎস কী, কার কাছ থেকে কার হিসাবে অর্থ গেছে, এসব অর্থ কী কাজে ব্যবহার হয়েছে এবং নাশকতায় অর্থায়নের অভিযোগের সঙ্গে লেনদেনের কোনও সংযোগ আছে কি না তা খতিয়ে দেখা হবে।

এনবিআরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, এ পর্যন্ত যাদের ব্যাংক হিসাবের লেনদেনে অনিয়ম পাওয়া গেছে, তাদের তালিকা প্রকাশ করা হয়েছে। গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা এ বিষয়ে কাজ করছেন। এই সংখ্যা আরও বাড়তে পারে। খুব দ্রুত আরও কিছু চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করা হবে।

তালিকায় সাবেক সচিব, রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধি

ব্যাংক হিসাব জব্দের তালিকা পর্যালোচনায় দেখা গেছে, সেখানে রয়েছেন সাবেক আমলা, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা ও উপজেলা পর্যায়ের প্রভাবশালী নেতা, সাবেক ও বর্তমান জনপ্রতিনিধি এবং ব্যবসায়ী। তালিকায় রয়েছেন সাবেক স্বাস্থ্য সচিব সিরাজুল হক খান ও তার স্ত্রী আশরাফুন নাহার।

রাজনৈতিক নেতাদের মধ্যে রয়েছেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি চৌধুরী খসরুল আলম, গোপালগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান ভূঁইয়া এবং ভাইস চেয়ারম্যান সুশীল বিশ্বাস (শিপন)।

এ ছাড়া টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বাবুল শেখ, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস ও সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে।

তালিকায় আরও রয়েছেন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম সিকদার, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কবির মিয়া, ভাবড়াশুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম রিফাতুল আলম এবং কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোক্তার হোসেন।

তবে তালিকাভুক্ত ব্যক্তিদের কার বিরুদ্ধে কী ধরনের লেনদেনের তথ্য পাওয়া গেছে, কত টাকা নাশকতায় ব্যবহারের অভিযোগ রয়েছে, কিংবা কার সঙ্গে কার আর্থিক যোগাযোগ ছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি।

এনবিআরের তথ্য অনুযায়ী গোপালগঞ্জের কোটালীপাড়ায় ৩২ জন, কাশিয়ানীর ১৯ জন, গোপালগঞ্জ সদরের ১৭ জন, টুঙ্গিপাড়ার ১৫ জন, মুকসুদপুরের ১৪ জন রয়েছেন তাদের হিসাব জব্দের তালিকায়। এছাড়া ব্যাংক হিসাব জব্দ হওয়া চারটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের মধ্যে আবাসন ও পরিবহন খাতের প্রতিষ্ঠানও রয়েছে। এসব প্রতিষ্ঠানের ব্যবসায়িক কার্যক্রম, আয়কর নথি এবং ব্যাংক হিসাবের লেনদেন যাচাই বাছাই করছেন তদন্তসংশ্লিষ্টরা।

অর্থায়ন বন্ধ করে নাশকতা ঠেকানোর চেষ্টা

রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতায় অর্থায়নের অভিযোগে ব্যাংক হিসাব জব্দের ঘটনা এবারই প্রথম নয়। এর আগে পোশাকশ্রমিকদের আন্দোলনে অর্থায়ন ও জনবল দিয়ে সহায়তার অভিযোগে সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, রাজনৈতিক নেতা ও শীর্ষ ব্যবসায়ীসহ ২০৪ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ করেছিল এনবিআর। এবার গোপালগঞ্জের নাশকতাকে কেন্দ্র করে একই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।

পুলিশ সদর দফতরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেন, একদিকে মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ও গোয়েন্দা নজরদারি, অন্যদিকে সন্দেহভাজন অর্থদাতাদের আর্থিক লেনদেনে বিধিনিষেধ আরোপ এই দুই প্রক্রিয়ায় নাশকতার নেপথ্যে থাকা সম্ভাব্য নেটওয়ার্ক শনাক্ত করার চেষ্টা চলছে।

সংশ্লিষ্টরা বলছেন, ব্যাংক হিসাব জব্দের মাধ্যমে আর্থিক লেনদেন নিয়ন্ত্রণ করা গেলেও নাশকতায় অর্থায়নের অভিযোগ প্রমাণের জন্য প্রয়োজন সংশ্লিষ্ট অর্থের উৎস, গন্তব্য ও ব্যবহারের সুনির্দিষ্ট তথ্য। ব্যাংক হিসাবে অনিয়মিত লেনদেন পাওয়া আর নাশকতায় অর্থায়নের প্রমাণ পাওয়া এক বিষয় নয়। ফলে অধিকতর তদন্তের ওপরই নির্ভর করছে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক এবং অপরাধ বিশ্লেষক ড তৌহিদুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গোপালগঞ্জে নাশকতার ঘটনায় অর্থদাতা ও রাজনৈতিক সংগঠকদের শনাক্ত করার পাশাপাশি পুলিশ ও প্রশাসনের অভ্যন্তরে সম্ভাব্য সহযোগীদের অনুসন্ধান বিশেষ গুরুত্ব দিতে হবে। কারণ রাজনৈতিক সহিংসতায় মাঠপর্যায়ের কর্মীদের সম্পৃক্ততার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা কর্মকর্তাদের কেউ জড়িত থাকলে, তা কেবল ফৌজদারি অপরাধের মধ্যেই সীমাবদ্ধ থাকে না। এর সঙ্গে বাহিনীর পেশাদারত্ব, শৃঙ্খলা, প্রশাসনিক নিরপেক্ষতা এবং রাষ্ট্রের নিরাপত্তাব্যবস্থার বিশ্বাসযোগ্যতার প্রশ্নও জড়িয়ে পড়ে।’