দ্বৈত পেশায় যুক্ত আইনজীবীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাংলাদেশ বার কাউন্সিলকে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে, দ্বৈত পেশা বা ব্যবসায় নিয়োজিত আইনজীবীদের সনদ সমর্পণ না করে আইন পেশা পরিচালনা থেকে বিরত থাকার নির্দেশনা ও সতর্কবার্তা দিয়ে বহুল প্রচারিত জাতীয় দৈনিক পত্রিকায় গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে বলেছেন আদালত। পাশাপাশি, এ নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ও শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।
এক রিট আবেদনের শুনানি শেষে বুধবার (২৫ নভেম্বর) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
নির্দেশনা অনুযায়ী উচ্চ পর্যায়ের কমিটিকে বহুল প্রচারিত গণমাধ্যমে গণবিজ্ঞপ্তি প্রকাশ করে দ্বৈত পেশার সঙ্গে যেসব আইনজীবী যুক্ত আছেন; সেসব আইনজীবীদের সনদ সমর্পণ না করে আইন পেশা পরিচাললনা থেকে বিরত থাকার নির্দেশনা ও সতর্কবার্তা দিতে নির্দেশ দিয়েছেন আদালত। পাশপাশি এ নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ও শৃঙ্খলামূলক পদক্ষেপ নিতে বলা হয়েছে।
অবিলম্বে বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাহী কমিটির চেয়ারম্যান, বার কাউন্সিলের কমপ্লেইন ও ভিজিল্যন্স কমিটির চেয়ারম্যান এবং বার কাউন্সিলের রুল অ্যান্ড এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান এবং বার কাউন্সিলের সচিবকে এসব নির্দেশনা বাস্তবায়ন করতে বলেছেন আদালত।
রুলে যেসব আইনজীবী সনদ সমর্পণ না করেই চাকরি, ব্যবসা বা অন্য কোনো পেশায় নিয়োজিত আছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধগত কর্তৃত্ববর্হিভূত ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। চার সপ্তাহের মধ্যে আইন, বিচার ও সংসদ বিষয়ক সচিব, বাংলাদেশ বার কাউন্সিলের সচিব, বার কাউন্সিলের নির্বাহী কমিটির চেয়ারম্যান, বার কাউন্সিলের কমপ্লেইন ও ভিজিল্যন্স কমিটির চেয়ারম্যান এবং বার কাউন্সিলের রুল এন্ড এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যানকে জবাব দিতে বলা হয়েছে।
আদালতে রিটের পক্ষে রিটকারী ফরহাদ উদ্দিন আহমেদ ভূঁইয়া নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জিয়াউর রহমান খান।
পরে আইনজীবী ফরহাদ উদ্দিন আহমেদ ভূঁইয়া বলেন, আদালতে আমাদের সাবমিশন ছিল— বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স রুলস অ্যান্ড অর্ডার যেটা আছে, সেটার ৭০ অনুচ্ছেদ অনুসারে সনদ সমর্পণ না করে অন্য কোনো পেশায় বা ব্যবসায় নিযুক্ত থাকা শৃঙ্খলা পরিপন্থী এবং এটা আইন পরিপন্থী। শুনানি শেষে আদালত বার কাউন্সিলের প্রতি কয়েকটি নির্দেশনা দিয়ে রুল জারি করেছেন।
এর আগে গত ২৬ অক্টোবর আইন পেশার সনদ নিয়ে আইন পেশা ছাড়া চাকরি বা ব্যবসা ও অন্যান্য পেশায় নিয়োজিত আছেন, সেসব আইনজীবী, তাদের বিষয়ে আইন ও বিধি অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে আইনজীবী ফরহাদ উদ্দিন আহমেদ ভূঁইয়া হাইকোর্টে রিট করেন।
তারও আগে ২০১৯ সালে এবং ২০২৩ সালে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করতে বার কাউন্সিল বরাবরে পৃথক আবেদন করেছিলেন এই আইনজীবী। এরপর এ বিষয়ে কোনও পদক্ষেপ গ্রহণ না করায় চলতি বছরের ১২ আগস্ট বিবাদীদের প্রতি আইনি নোটিশ পাঠানো হয়। তবে নোটিশের বিষয়েও কোন সাড়া না পেয়ে গত ২৬ অক্টোবর হাইকোর্টে রিট করেন আইনজীবী ফরহাদ উদ্দিন আহমেদ ভূঁইয়া।
রিট আবেদনে বলা হয়, আইন পেশা একটি মহান ও মর্যাদাপূর্ণ পেশা হিসেবে আমাদের প্রত্যেকেরই দায়িত্ব রয়েছে এ পেশার মর্যাদাকে অক্ষুণ্ন রাখা। আইনজীবীদের অনেকেই আইন পেশার সনদপ্রাপ্ত হয়ে আইন পেশার পাশাপাশি বিভিন্ন ব্যবসা-বাণিজ্য, চাকরি, ঠিকাদারি, আদম ব্যবসা, গাড়ির শোরুম, বিদেশে অবস্থান করে চাকরি, পরিবহন ব্যবসা, ইট, বালি, সিমেন্টের ব্যবসা, মোবাইলের ফ্লেক্সিলোড ও বিকাশ এজেন্টের দোকান এবং কেউ কেউ আইন পেশার সনদ সারেন্ডার না করে বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংক/প্রতিষ্ঠান, বিমা, ইন্সুরেন্স কোম্পানি, ওষুধের ফার্মেসি, মোবাইলফোন সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো ফুলটাইম/পার্ট টাইম চাকরি করছেন বলে জানিতে পারি।
যেটা বার কাউন্সিল আইন ও বিধির সুস্পষ্ট লঙ্ঘন হওয়ায় মহান আইন পেশার মর্যাদা ভুলুণ্ঠিত হচ্ছে।
তাই আইন ও বিধি অনুসারে যত দ্রুত সম্ভব সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ও যথাযথ ব্যবস্থা গ্রহণ করা একান্ত আবশ্যক।