পল্লবীতে পার্কিং করা বাসে আগুন

রাজধানীর পল্লবীতে পার্কিং করা অবস্থায় ‘মধুমতী পরিবহনের’ একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে বাসটির ভেতরের অধিকাংশ আসন ও জানালার কাচ পুড়ে গেছে। তবে এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে পল্লবীর মিরপুর-১১ নম্বরের বিহারি মিল্লাত ক্যাম্প সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, পল্লবী সেকশন-১১, ব্লক-বি, লাইন-৭ এলাকায় রাস্তার পাশে পার্কিং করা মধুমতী পরিবহনের একটি বাসে অজ্ঞাত দুর্বৃত্তরা আগুন দেয়। পরে স্থানীয় লোকজন বালু ও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে বাসটির ভেতরের অধিকাংশ আসন ও জানালার কাচ পুড়ে গেছে। এতে আনুমানিক দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।