সংকীর্ণ সিঁড়ির কারণে চকবাজারে আগুন নেভাতে বেগ পেতে হয়: ফায়ার সার্ভিস

পুরান ঢাকার চকবাজারের ছোট কাটারা এলাকায় সাততলা ভবনের চতুর্থ তলায় প্লাস্টিক ও ইলেকট্রিক পণ্যের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে ফায়ার সার্ভিসের কর্মীদের। ভবনটিতে ওঠানামার জন্য মাত্র একটি সংকীর্ণ সিঁড়ি এবং পর্যাপ্ত বায়ু চলাচলের ব্যবস্থা না থাকায় আগুন নেভানোর কাজে সমস্যা হয়।

ফায়ার সার্ভিসের ঢাকা জোন-১-এর জোন কমান্ডার মোহাম্মদ এনামুল হক এ তথ্য জানিয়েছেন।

আগুন নিয়ন্ত্রণে আসার পর তিনি জানান, সাততলা ভবনটির চতুর্থ তলা গোডাউন হিসেবে ব্যবহার করা হচ্ছিল। সেখানে প্লাস্টিক, রাবার, স্পোর্টস আইটেম, টর্চলাইটসহ বিভিন্ন ইলেকট্রিক পণ্য কার্টনে গাদাগাদি করে রাখা হয়েছিল। গোডাউনটিতে পণ্য সংরক্ষণের কোনও নিয়ম বা ‘স্টোর প্রিন্সিপাল’ মানা হয়নি।

এনামুল হক বলেন, ভবনটিতে ওঠানামার জন্য মাত্র একটি সংকীর্ণ সিঁড়ি রয়েছে। এ ছাড়া ভেতরে পর্যাপ্ত ভেন্টিলেশন বা বাতাস চলাচলের ব্যবস্থা নেই। ফলে প্রচণ্ড ধোঁয়া ও তাপ বের হতে না পারায় ফায়ার সার্ভিসের কর্মীদের শ্বাসপ্রশ্বাসের যন্ত্র (ব্রিদিং অ্যাপারেটাস) ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে কাজ করতে হয়েছে।

তিনি জানান, গোডাউনে টর্চলাইট ও বিভিন্ন ইলেকট্রিক ডিভাইস থাকায় স্পার্ক থেকে নতুন করে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল। এ কারণে চারপাশ থেকে আগুন কর্ডন করে রাখা হয়। পাশাপাশি ঝুঁকি এড়াতে গোডাউনে থাকা কার্টনগুলো ধাপে ধাপে সরিয়ে নেওয়া হচ্ছে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি জানিয়ে তিনি বলেন, তদন্তের পর এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

এর আগে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকাল ৫টা ২৮ মিনিটে আগুন লাগার খবর পেয়ে প্রথমে লালবাগ ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আগুনের ভয়াবহতা বিবেচনায় সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে আরও তিনটি ইউনিট যোগ দেয়। পাঁচটি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় রাত ১০টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।