শ্রমিকলীগ নেতা আতাউর গ্রেফতার

রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে মো. আতাউর রহমান ওরফে আতাউর মাস্টার (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। আতাউর কার্যক্রম নিষিদ্ধ শ্রমিকলীগের খিলক্ষেত থানা শাখার সহ-সভাপতি।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে খিলক্ষেত বাজার এলাকা হতে আতাউরকে গ্রেফতার করে পুলিশ। তার বাড়ি গাজীপুরে। ঢাকায় খিলক্ষেতের মধ্যপাড়া এলাকায় থাকেন।

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সোহরাব আল হোসাইন শুক্রবার বিকালে বাংলা ট্রিবিউনকে বলেন, আতাউরের বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগকে সংগঠিত করাসহ ঢাকার বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলে অংশগ্রহণ, ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নি সংযোগের অভিযোগ রয়েছে।

ওসি জানান, এ ঘটনায় থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। মামলায় গ্রেফতার দেখিয়ে আতাউরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।