অগ্নিসংযোগ-হামলায় বিপর্যস্ত গ্রামীণ ব্যাংক, কী পদক্ষেপ নিচ্ছে সরকার

দেশের বিভিন্ন জেলায় ১৬ দিনে গ্রামীণ ব্যাংকের ১০৪টি শাখা ও কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। নিরাপত্তার অভাবে বন্ধ রয়েছে ২৯টি শাখার কার্যক্রম। এতে ব্যাংকটির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি গ্রামীণ ঋণপ্রবাহ, কৃষি অর্থায়ন ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ধারাবাহিক এসব হামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। হামলার পেছনে অর্থায়ন রয়েছে কি না, তা অনুসন্ধানের পাশাপাশি সন্দেহজনক আর্থিক লেনদেন বন্ধে কাজ করছে কেন্দ্রীয় ব্যাংক। অন্যদিকে হামলা প্রতিরোধ ও শাখাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের হস্তক্ষেপ চেয়েছে গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ।

গ্রামীণ ব্যাংকে ধারাবাহিক হামলা নিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বেগ প্রকাশ করেছেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসও। অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়কে এসব হামলার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার মধ্যেও কেন থামছে না গ্রামীণ ব্যাংকে হামলা? আক্রান্ত শাখা ও কার্যালয়গুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের পদক্ষেপ কতটা কার্যকর? রাজনৈতিক সহিংসতার অর্থনৈতিক মূল্য কতটা দিতে হবে গ্রামীণ জনপদের সাধারণ মানুষকে?

১৬ দিনে আক্রান্ত ১০৪ শাখা ও কার্যালয়

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের দেওয়া বিবরণী অনুযায়ী, গত ১০ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে গ্রামীণ ব্যাংকের ১০৪টি শাখা ও কার্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ঘটনায় ব্যাংকের অবকাঠামো, আসবাবপত্র, গুরুত্বপূর্ণ নথিপত্র ও অন্যান্য সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। কর্মকর্তা-কর্মচারী ও সদস্যদের মধ্যেও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।

গ্রামীণ ব্যাংকের অভ্যন্তরীণ তথ্য অনুযায়ী, ১৯ নভেম্বর পর্যন্ত দেশের ৪০ জেলায় ৭২টি শাখা ও কার্যালয়ে হামলার ঘটনা নথিভুক্ত হয়েছিল। ২৩ নভেম্বর এ সংখ্যা দাঁড়ায় ৯৭টিতে। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ হিসাবে তা বেড়ে হয়েছে ১০৪টি।

হামলার পরিধি বাড়ার পাশাপাশি স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রমেও এর প্রভাব পড়েছে। নিরাপত্তাজনিত কারণে ২৯টি শাখার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকায় সংশ্লিষ্ট এলাকার গ্রাহকরা নিয়মিত ঋণ ও অন্যান্য আর্থিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

হামলার অর্থায়ন অনুসন্ধানে বাংলাদেশ ব্যাংক

গ্রামীণ ব্যাংকে ধারাবাহিক হামলার ঘটনায় আর্থিক অনুসন্ধানে নেমেছে বাংলাদেশ ব্যাংক। হামলাগুলোর পেছনে কোনও ব্যক্তি বা গোষ্ঠীর অর্থায়ন রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জানিয়েছেন, হামলার অর্থায়নের বিষয়টি অনুসন্ধানের পাশাপাশি সন্দেহজনক আর্থিক লেনদেন বন্ধেও কাজ চলছে। তবে এখন পর্যন্ত কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠান এসব ঘটনায় অর্থায়ন করেছে কি না, কতটি সন্দেহজনক লেনদেন শনাক্ত হয়েছে কিংবা কোনও ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।

বোরো চাষ ও পশুপালনের অর্থায়নে অনিশ্চয়তা

গ্রামীণ ব্যাংকের শাখাগুলোতে হামলার অর্থনৈতিক প্রভাব নিয়ে বিশেষভাবে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। বর্তমানে বোরো মৌসুমের ঋণ বিতরণ কার্যক্রম চলছে। কিন্তু যেসব এলাকায় ব্যাংকের শাখা বন্ধ রয়েছে, সেসব এলাকার গ্রাহকরা প্রয়োজনীয় ঋণসেবা পাচ্ছেন না। এতে কৃষি উৎপাদনের জন্য সময়মতো অর্থায়ন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

একইভাবে আগামী ঈদুল আজহাকে সামনে রেখে গরু মোটাতাজাকরণ ও পশুপালনের প্রস্তুতি নিচ্ছেন গ্রামীণ জনপদের অনেক মানুষ। তাদেরও প্রয়োজনীয় ঋণ পেতে সমস্যায় পড়তে হচ্ছে। সময়মতো অর্থায়ন নিশ্চিত করা না গেলে এর প্রভাব পড়তে পারে কৃষি উৎপাদন, ক্ষুদ্র উদ্যোগ, কর্মসংস্থান ও পারিবারিক আয়ে।

বাংলাদেশ ব্যাংক মনে করে, পরিস্থিতি দীর্ঘায়িত হলে সংশ্লিষ্ট অঞ্চলে দারিদ্র্য বিমোচন ও গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার উদ্যোগও বাধাগ্রস্ত হতে পারে।

সরকার কী কী ব্যবস্থা নিয়েছে

গ্রামীণ ব্যাংকসহ বিভিন্ন স্থাপনায় ধারাবাহিক নাশকতার পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়িয়েছে সরকার। বিভিন্ন এলাকায় অতিরিক্ত বাহিনী মোতায়েনের পাশাপাশি অপরাধীদের শনাক্ত, গ্রেফতার ও গোয়েন্দা নজরদারি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান গ্রামীণ ব্যাংকে হামলার ঘটনায় পুলিশের নেওয়া পদক্ষেপের তথ্য তুলে ধরেন। পুলিশ সদর দফতরের তথ্য অনুযায়ী, ২৩ নভেম্বর পর্যন্ত গ্রামীণ ব্যাংকে ৩৪টি নাশকতার ঘটনায় আটটি মামলা ও ১৯টি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। এসব ঘটনায় আট জনকে গ্রেফতার করা হয়েছে।

তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার মধ্যেও আক্রান্ত শাখা ও কার্যালয়ের সংখ্যা বেড়েছে। নতুন করে হামলা প্রতিরোধ এবং বন্ধ হয়ে যাওয়া ২৯টি শাখার কার্যক্রম পুনরায় চালু করতে সরকার কী ধরনের বিশেষ নিরাপত্তা পরিকল্পনা নিয়েছে, জানতে চাইলে পুলিশ সদর দফতরের মুখপাত্র এআইজি (মিডিয়া) কামারুম মুনিরা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখা ও কার্যালয়ে হামলার বিষয়টি পুলিশ গুরুত্বের সঙ্গে দেখছে। এসব ঘটনায় জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে সংশ্লিষ্ট ইউনিটগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক ও গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষের পক্ষ থেকে নিরাপত্তা চাওয়ার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।’

কামারুম মুনিরা জানান, ব্যাংকের শাখা ও কার্যালয়গুলোর নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় পুলিশকে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ, ঝুঁকিপূর্ণ স্থাপনায় নজরদারি বৃদ্ধি এবং পরিস্থিতি অনুযায়ী টহল জোরদারের নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি হামলার ঘটনাগুলো তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। জননিরাপত্তা ও আর্থিক প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে। কোনও ধরনের হামলা, নাশকতা বা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না বলেও জানান তিনি।

নিরাপত্তা চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি

ধারাবাহিক হামলার পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সরদার আকতার হামিদ। চিঠিতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাগুলোর নিরপেক্ষ তদন্ত, দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং দেশব্যাপী ব্যাংকের শাখা, কার্যালয়, স্থাপনা, সম্পদ, কর্মকর্তা-কর্মচারী ও সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ জানানো হয়েছে।

একই সঙ্গে সংশ্লিষ্ট সরকারি সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সমন্বয়ের মাধ্যমে কার্যকর নিরাপত্তাব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

গ্রামীণ ব্যাংকে ধারাবাহিক হামলার প্রেক্ষাপটে প্রতিষ্ঠানটির মালিকানা ও অর্থনৈতিক গুরুত্বের বিষয়টিও তুলে ধরেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা ঋণগ্রহীতা শেয়ারহোল্ডারদের। বাকি ১০ শতাংশ সরকারের। অর্থাৎ ব্যাংকটির সম্পদের ক্ষতি হলে এর অর্থনৈতিক দায় ও প্রভাব মূলত ঋণগ্রহীতা সদস্যদের ওপরই বর্তানোর ঝুঁকি রয়েছে।

দেশের ৬৪ জেলায় গ্রামীণ ব্যাংকের শাখার পাশাপাশি ২৬১টি এরিয়া অফিস, ৪০টি জোনাল অফিস এবং ৪০টি জোনাল অডিট অফিস রয়েছে। বিপুলসংখ্যক সদস্য ও বিস্তৃত কার্যক্রমের কারণে গ্রামীণ ব্যাংকের নিরাপত্তার সঙ্গে দেশের গ্রামীণ অর্থনীতির একটি বড় অংশের স্বার্থ জড়িত বলে মনে করে কেন্দ্রীয় ব্যাংক।

যা বলেছেন নোবেলজয়ী অধ্যাপক ইউনূস

গত ২৩ নভেম্বর দেওয়া এক বিবৃতিতে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ধারাবাহিক হামলা বন্ধ এবং অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন। হামলাগুলো সংঘবদ্ধভাবে পরিচালিত হচ্ছে বলে সন্দেহ প্রকাশ করেন তিনি। হামলার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন এই নোবেলজয়ী।

গ্রামীণ ব্যাংকের সঙ্গে নিজের বর্তমান সম্পর্ক স্পষ্ট করে অধ্যাপক ইউনূস জানান, প্রতিষ্ঠানটির কোনও শেয়ারের মালিক তিনি নন। ২০১১ সালে ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অপসারণের পর ব্যাংকটির ব্যবস্থাপনাতেও তার কোনও সম্পৃক্ততা নেই।

তিনি বলেন, গ্রামীণ ব্যাংকের ঋণগ্রহীতাদের ৯৭ শতাংশই নারী। এই প্রতিষ্ঠানের ওপর হামলার মধ্য দিয়ে দরিদ্র নারীদের অর্থনৈতিক উন্নয়ন ও মর্যাদাপূর্ণ জীবন গড়ে তোলার প্রচেষ্টাও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

হামলা প্রতিরোধে যেসব ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত পদক্ষেপ নিয়েছে, সেজন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান তিনি। পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা গ্রামীণ ব্যাংকের শুভাকাঙ্ক্ষীদের এসব হামলার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

কেন্দ্রীয় ব্যাংকের উদ্বেগ

বাংলাদেশ ব্যাংক বলছে, দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখা, আমানতকারীদের অর্থের নিরাপত্তা, ঋণপ্রবাহ বজায় রাখা, ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ এবং আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে ব্যাংকিং খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। গ্রামীণ ব্যাংকের শাখা ও কার্যালয়ে সাম্প্রতিক ঘটনাগুলো প্রতিষ্ঠানটির সম্পদ ও কার্যক্রমের পাশাপাশি কর্মকর্তা-কর্মচারী ও সদস্যদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি করেছে।

এর নেতিবাচক প্রভাব গ্রামীণ অর্থনীতি ও প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক সেবা পাওয়ার ক্ষেত্রে পড়তে পারে। ব্যাংকিং কার্যক্রম নিরাপদ ও নিরবচ্ছিন্ন রাখতে সংশ্লিষ্ট সবাই দায়িত্বশীল ভূমিকা পালন করবেন এবং প্রয়োজনীয় সহযোগিতা দেবেন বলে আশা প্রকাশ করেছে কেন্দ্রীয় ব্যাংক।

জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া

গ্রামীণ ব্যাংকে হামলার বিষয়টি ইতোমধ্যে আন্তর্জাতিক পরিমণ্ডলেও আলোচনায় এসেছে। গত ১৬ নভেম্বর নিউইয়র্কে জাতিসংঘের নিয়মিত সংবাদ সম্মেলনে গ্রামীণ ব্যাংকে হামলার বিষয়ে প্রশ্ন করা হলে মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে সহিংসতার ঘটনাগুলোর পূর্ণাঙ্গ তদন্তের ওপর গুরুত্ব দেন।

সংশ্লিষ্ট সবাইকে সংযত থাকার আহ্বান জানানোর পাশাপাশি বাংলাদেশের আইন অনুযায়ী শান্তিপূর্ণ মতপ্রকাশের অধিকারের প্রতি সমর্থন ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র। তবে হামলার জন্য কোনও নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীকে দায়ী করেনি ওয়াশিংটন।