অবৈধভাবে সিডিআর (কল ডিটেইলস রেকর্ড)-সহ নাগরিকদের বিভিন্ন গোপনীয় ও গুরুত্বপূর্ণ তথ্য অর্থের বিনিময়ে বিক্রয় চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে এসআরইউ-ইন্টেলিজেন্স এ্যানালাইসিস বিভাগ। গ্রেফতার ওই ব্যক্তির নাম রবিউল ইসলাম (২৬)।
এসআরইউ-ইন্টেলিজেন্স এ্যানালাইসিস বিভাগের বরাত দিয়ে শুক্রবার (২৭ নভেম্বর) ডিএমপির ডিসি (মিডিয়া) জানান, বিভাগের একটি টিম বৃহস্পতিবার (২৬ নভেম্বর) তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
এসআরইউ-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তি ও তার চক্রের অন্যান্য সদস্যরা দীর্ঘদিন ধরে জনসাধারণের সিডিআরসহ বিভিন্ন গোপনীয় ও স্পর্শকাতর তথ্য অবৈধভাবে সংগ্রহ করে বিভিন্ন সোশ্যাল মিডিয়া ও অ্যাপস ব্যবহার করে অর্থের বিনিময়ে বিক্রয় করছিলেন।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। চক্রের বাকি সদস্যদের গ্রেফতার এবং এ সংক্রান্ত পূর্ণাঙ্গ তথ্য উদঘাটনে অভিযান চলছে।