মোহাম্মদপুরে রিকশাচালকদের এনআইডি চাইলো এসআরবি

রাজধানীর মোহাম্মদপুরের রায়ের বাজার এলাকায় জননিরাপত্তার স্বার্থে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছদ্মবেশী রিকশালকদের চিহ্নিত করতে বিভিন্ন রিকশা গ্যারেজে অভিযান পরিচালনা করেছে এসআরবি-২। চালকদের এনআইডি সংগ্রহ করে রিকশা গ্যারেজ মালিকদের এসআরবি-২ অফিসে পাঠাতে বলা হয়েছে। 

এসআরবি সূত্র বলছে, সম্প্রতি নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নটি জানতে পারে যে, রাজধানীতে রিকশাচালকের ছদ্মবেশে এক শ্রেণির অপরাধী বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড করে বেড়াচ্ছে এবং দেশের বিভিন্ন স্থানে অপরাধ সংঘটনের পর তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে রাজধানীর বিভিন্ন আবাসিক হোটেল ও রিকশা গ্যারেজে আত্মগোপন করছে। এতে জনমনে আতঙ্কের সৃষ্টি করেছে।

ওই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার (২৮ নভেম্বর) এসআরবি-২ এর একটি দল রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকার রিকশা গ্যারেজগুলোতে বিশেষ অভিযান চালায়।

এ সময় রিকশা চালকদের পরিচয় যাচাই এবং ‘ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম’ (সিডিএমস)-এ তথ্য অনুসন্ধানের জন্য রায়েরবাজার এলাকার ৫টি রিকশা গ্যারেজে কর্মরত প্রায় ৩০০ জন রিকশাচালককে নজরদারির আওতায় নিয়ে আসে এসআরবি-২। জননিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে রিকশাচালকদের পিসিপিআর যাচাইয়ের জন্য প্রতিটি রিকশা গ্যারেজের মালিককে তাদের অধীনস্থ সব রিকশাচালকের জাতীয় পরিচয়পত্রের কপি সংগ্রহ করে দ্রুত এসআরবি-২ কার্যালয়ে পাঠানো নির্দেশনা দেওয়া হয়েছে।

এসআরবি-২ এর উপ-পরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস বলেন, এই অভিযানের উদ্দেশ্য রিকশাচালকদের হয়রানি করা নয়, বরং ছদ্মবেশী অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা।

এনআইডি দিয়ে রিকশা চালকদের পিসিপিআর যাচাই-বাছাই শেষে কেউ অপরাধী হিসেবে প্রাথমিকভাবে নিশ্চিত হলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।