ফের হাতিরঝিলে ইন্টারনেট অফিসে গুলি

রাজধানীর হাতিরঝিল এলাকায় আবারও ইন্টারনেট অফিসে গুলির ঘটনা ঘটেছে। এবার গুলি করা হয়েছে ডিএল নেটওয়ার্ক সার্ভিস নামক একটি ইন্টারনেট অফিসে।

শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটা থেকে পৌনে আটটার দিকে এ ঘটনা ঘটে।

হাতিরঝিল থানার ওসি আসাদুজ্জামান বলেন, সন্ধ্যা সাড়ে সাতটা থেকে পৌনে আটটার মধ্যে দুর্বৃত্তরা ডি এল নেটওয়ার্ক অফিসে ঢুকে এক রাউন্ড গুলি করে। গুলিটি একটি ল্যাপটপ ভেদ করে অফিসের দেওয়ালে লাগে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। কী কারণে সেখানে গুলির ঘটনা ঘটলো তা প্রাথমিকভাবে জানা যায়নি। তবে তদন্ত চলছে।

উল্লেখ্য, গত ১৫ নভেম্বর সন্ধ্যায় হাতিরঝিল থানার ওয়াপদা রোডে স্পিড স্টার ইন্টারনেট অ্যান্ড টেকনোলজির কার্যালয়ে গুলির ঘটনা ঘটে। ওইদিন প্রতিষ্ঠানটির কার্যালয়ে ঢুকে দুই কর্মচারীকে গুলি করে দুর্বৃত্তরা।