রাজধানীর ধানমন্ডিতে জুয়েলার্সের দোকান থেকে প্রায় ৩৮ কোটি টাকার স্বর্ণালংকার ও হীরার গহনা চুরির মামলায় তিন আসামির চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শোরুমের ১০টি তালা কেটে এবং ভেতরের কাচ ভেঙে এসব গহনা চুরি করা হয়। এ ছাড়া ড্রয়ার থেকে ১০ লাখ টাকা নিয়ে যায় চোরেরা।
রবিবার (২৯ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেনের আদালত তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে এ আদেশ দেন।
রিমান্ডে যাওয়া আসামিরা হলেন, গোলাম সরোয়ার (৫৮), মো. আমিনুর রহমান (৫৭) ও রিজওয়ানুল ইসলাম লাহিন (২৮)। ২৯ নভেম্বর রাত ১২টা ১০ মিনিটের দিকে ধানমন্ডি মডেল থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের এসআই শরীফ উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আসামিদের হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দিয়েছেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও ধানমন্ডি মডেল থানার পুলিশ পরিদর্শক মো. আমিনুল হক আদালতে দাখিল করা রিমান্ড আবেদনে জানান, গত ২৭ নভেম্বর রাত ৮টার দিকে শোরুম বন্ধ করে কর্মচারীরা বাসায় চলে যান। পরদিন ২৮ নভেম্বর সকাল সাড়ে ৮টার দিকে কর্মচারী সনজিদ শীল শোরুমের মালিককে ফোন করে চুরির বিষয়টি জানান। সেখানে গিয়ে দেখা যায়, শোরুমের শাটার ও কেচিগেটের ১০টি তালা কাটা এবং ভেতরের কাচ ভাঙা। শোরুমের মালামালও তছনছ অবস্থায় পড়ে রয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, চোরেরা শোরুমের চেম্বারে রাখা বিভিন্ন ধরনের স্বর্ণালংকার ও হীরার গয়না নিয়ে যায়। চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে ২ হাজার ৯৬০ গ্রাম স্বর্ণের নেকলেস, ২ হাজার ৩২০ গ্রাম কানের দুল, ৪ হাজার ৬৪০ গ্রাম স্বর্ণের চুড়ি ও হাতের বালা, ২ হাজার ৩২০ গ্রাম বেবি চেইন, ১ হাজার ১৬০ গ্রাম হীরার নেকলেস, ৫৮০ গ্রাম হীরার কানের দুল, ৫৮০ গ্রাম হীরার নাকফুল এবং বিভিন্ন ধরনের আরও ৪ হাজার ৬৪০ গ্রাম স্বর্ণালংকার। সব মিলিয়ে ২৩ হাজার ২০০ গ্রাম স্বর্ণ ও হীরার গয়না চুরি হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এসব অলংকারের আনুমানিক মূল্য ৩৮ কোটি টাকা।
এ ছাড়া শোরুমের কাঠের সেফেক্স ড্রয়ার খুলে নগদ ১০ লাখ টাকা নিয়ে যায় চোরেরা। সব মিলিয়ে চুরি হওয়া মালামাল ও নগদ টাকার পরিমাণ ৩৮ কোটি ১০ লাখ টাকা বলে মামলায় উল্লেখ করেছেন বাদী।
মার্কেটের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে, ২৮ নভেম্বর রাত আনুমানিক ১টা থেকে সকাল সাড়ে ৮টার মধ্যে কোনো একসময় চোরেরা পরস্পরের যোগসাজশে শোরুমে ঢুকে চুরি করে। এ ঘটনায় করা মামলার তদন্তে তথ্যপ্রযুক্তি ও বিশ্বস্ত সূত্রের সহায়তায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা বলেন, প্রাথমিক তদন্তে গ্রেফতার ব্যক্তিদের এ ঘটনার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া যাচ্ছে। জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে মামলাসংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাচ্ছে। চুরির প্রকৃত রহস্য উদঘাটন, চুরি হওয়া স্বর্ণালংকার ও হীরার গয়না উদ্ধার এবং ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা জানতে তাদের রিমান্ডে নেওয়া প্রয়োজন।
এ ঘটনায় ২৯ নভেম্বর ধানমন্ডি মডেল থানায় দণ্ডবিধির ৪৫৭, ৩৮০ ও ১০৯ ধারায় মামলা হয়েছে।