মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের চার সদস্য গ্রেফতার

রাজধানীর মোহাম্মদপুরে পৃথক দুটি অভিযান চালিয়ে তালিকাভুক্ত দুই কিশোর গ্যাংয়ের চার সদস্যকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-২ (এসআরবি-২)। এ সময় তাদের কাছ থেকে একটি সুইচ গিয়ার চাকু ও একটি চাপাতি উদ্ধার করা হয়েছে।

রবিবার (২৯ নভেম্বর) দুপুরে এসআরবি-২ এর উপপরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস এ তথ্য জানান।

তিনি বলেন, শনিবার (২৮ নভেম্বর) রাতে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুরের রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় অভিযান চালানো হয়। এ সময় তালিকাভুক্ত কিশোর গ্যাং ‘ফালান গ্রুপের’ সক্রিয় সদস্য ও দুই মামলার আসামি মো ইমরান (২৩) এবং তার সহযোগী সোহাগকে (২৫) একটি সুইচ গিয়ার চাকুসহ গ্রেফতার করা হয়।

একই রাতে পৃথক অভিযানে রায়েরবাজারের পাবনা হাউজিং গলিতে অভিযান চালিয়ে তালিকাভুক্ত কিশোর গ্যাং ‘কান্তা ফিরোজ গ্রুপের’ সক্রিয় সদস্য ও দুই মামলার আসামি জিহাদ ওরফে পাগলা জিহাদ (২৪) এবং তার সহযোগী রাব্বিকে (২৫) একটি চাপাতিসহ গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক তথ্যানুসন্ধানে গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানা এলাকায় কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দেওয়া, চলাচলরত পথচারীদের ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোন ও মূল্যবান সামগ্রী ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। এছাড়া এলাকায় ত্রাস সৃষ্টি, আধিপত্য বিস্তারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

গ্রেফতার ব্যক্তিদের পিসিপিআর যাচাই করে দেখা গেছে, ইমরানের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় দুটি দস্যুতার মামলা রয়েছে। সোহাগের বিরুদ্ধে দস্যুতার একটি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা রয়েছে। জিহাদ ওরফে পাগলা জিহাদের বিরুদ্ধে দস্যুতার দুটি মামলা এবং রাব্বির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি ও দস্যুতার একটি মামলা রয়েছে।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান মেজর এম মুবীন রহমান তাপস।