দ্য ওয়াশিংটন পোস্ট

রিপাবলিকান পার্টির নিয়ন্ত্রণ নিচ্ছেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে নিজ দল রিপাবলিকান পার্টির মনোনয়ন নিশ্চিত করেছেন ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প। এর মধ্য দিয়ে মূলত দলটির নিয়ন্ত্রণ যাচ্ছে এ রাজনীতিকের হাতে। এ বিষয়টি নিয়ে বৃহস্পতিবার শিরোনাম করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট।

সর্বশেষ মঙ্গলবার ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে দাপুটে জয় পাওয়ার পর প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন টেক্সাসের সিনেটর টেড ক্রুজ। ফলে দলীয় মনোনয়নের লড়াইয়ে ট্রাম্পের আর কোনও বাধা থাকছে না।

ইন্ডিয়ানা’র প্রাইমারিতে ৫৩ শতাংশ ভোট পেয়ে জয় পান ট্রাম্প। ক্রুজ পান ৩৭ শতাংশ ভোট। অন্যদিকে জন কাসিচ পান মাত্র ৮ শতাংশ ভোট। অবশ্য ভোট গণনা শেষ হওয়ার আগেই ক্রুজ স্বীকার করেন, এই প্রতিদ্বন্দ্বিতা চালানোর আর কোনও অর্থ নেই। রিপাবলিকান পার্টি’র প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার কোনও আশা অবশিষ্ট নেই বুঝতে পেরে রাত ৯টার দিকে এক ভাষণে ক্রুজ ঘোষণা করেন, নির্বাচনি প্রতিদ্বন্দ্বিতা থেকে তিনি সরে দাঁড়াচ্ছেন। ইন্ডিয়ানায় জয় পেতে নিজ প্রচারণা কমিটি ও দুটি সমর্থক গোষ্ঠী মিলে ট্রাম্পের বিরুদ্ধে মোট ৬০ লাখ ডলার খরচ করেছিলেন ক্রুজ।

Twp

ইন্ডিয়ানায় জয়ের পর নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ারে এক সমাবেশে মাইকে ব্যান্ড দল রোলিং স্টোনের ‘স্টার্ট মি আপ’ গান বাজিয়ে স্ত্রী মেলানিয়া ও পরিবারের অন্য সদস্যদের নিয়ে পদচারণা করেন ট্রাম্প। সমাবেশে তিনি ইন্ডিয়ানার জয়কে ‘বিশাল বিজয়’ হিসেবে অভিহিত করে তাৎক্ষণিকভাবে হিলারির দিকে বাণ ছুড়তে শুরু করেন।

ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘এবার আমাদের হিলারি ক্লিনটনকে ধরা দরকার। তিনি মহান প্রেসিডেন্ট হতে পারবেন না, তিনি ভালো প্রেসিডেন্টও হতে পারবেন না, তিনি পারবেন দুর্বল একজন প্রেসিডেন্ট হতে।’

এদিকে, ডেমোক্রেট পার্টির প্রার্থিতার ব্যাপারে নিশ্চিন্ত রয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। যদিও মঙ্গলবার ইন্ডিয়ানায় প্রতিদ্বন্দ্বী ভারমন্টের সিনেটর বার্নি স্যান্ডার্সের কাছে পরাজিত হয়েছেন তিনি। তবে তাতে দুশ্চিন্তার কিছু নেই। কারণ ডেলিগেটের হিসাবে স্যান্ডার্সের চেয়ে হিলারি এতটাই এগিয়ে যে ইন্ডিয়ানায় পরাজিত হলেও তার দলীয় মনোনয়ন হারানোর কোনো শঙ্কা নেই।

ইন্ডিয়ানার প্রাইমারিতে ৫২ দশমিক ৫ শতাংশ ভোট পেয়ে জয় পান স্যান্ডার্স। আর হিলারি পান ৪৭ দশমিক ৫ শতাংশ ভোট। ডেলিগেট ভোটের লড়াইয়ে স্যান্ডার্স পান ৪৩ ভোট। হিলারি পান ৩৭ ভোট। ডেমোক্রেট প্রার্থী হতে হলে ২৩৮৩ ডেলিগেট সমর্থন প্রয়োজন কোনো প্রার্থীর। হিলারি এ পর্যন্ত সংগ্রহ করেছেন ২২০২ ভোট (সুপার ডেলিগেটসহ)। আর মাত্র ১৮১ ভোট পেলেই প্রার্থিতা নিশ্চিত হবে হিলারির। তার প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্সের সংগ্রহ ১৪০০ ভোট। সূত্র: দ্য ওয়াশিংটন পোস্ট।

/এমপি/