টাইমস অব ইন্ডিয়া

ভারত সংলগ্ন সীমান্তে সেনা মোতায়েন বাড়াচ্ছে চীন: পেন্টাগন

দ্য টাইমস অব ইন্ডিয়াভারতের সীমান্তে আরও ব্যাপক সেনা মোতায়েন করছে চীন। একইসঙ্গে প্রতিবেশী বিভিন্ন বন্ধু রাষ্ট্রে বিমানবাহিনী এবং নৌবাহিনীর ঘাঁটির সংখ্যাও বাড়াচ্ছে তারা। মার্কিন কংগ্রেস বরাবর যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর পেন্টাগনের পেশ করা এক প্রতিবেদনে এমন উদ্বেগ জানানো হয়েছে। আর এ নিয়েই রবিবারের (১৫ মে) প্রধান শিরোনাম করেছে টাইমস অব ইন্ডিয়া।
পেন্টাগনের রিপোর্ট বলছে, ভারত সীমান্তে চীন হঠাৎ করে আরও বেশি করে সেনা নিয়ে আসতে শুরু করেছে। পেন্টাগনের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ ডিফেন্স এম ডেনমার্ক ঘোষণা করেছেন, চীন ভারতের সীমান্তে আচমকা উল্লেখযোগ্য মাত্রায় সেনা পাঠাচ্ছে। কেন এই সিদ্ধান্ত তার কারণ স্পষ্ট নয়। তবে পাকিস্তানের মতো বন্ধু রাষ্ট্রে চীন আরও বেশি করে বিমানঘাঁটি তৈরি করছে। একইসঙ্গে দক্ষিণ চীন সাগরের মাধ্যমে জলদস্যু প্রতিরোধী রণতরী টহলের পরিমাণও তারা বাড়িয়েছে।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হওয়ার জন্য ভারতীয় উদ্যোগ বরাবর চীন আটকে দিয়েছে। নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপের সবথেকে গুরুত্বপূর্ণ গোষ্ঠীতে দিল্লির প্রবেশের সম্ভাবনাও থমকে গেছে চীনের জন্য। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে পরমাণু সরবরাহকারী গোষ্ঠীর সদস্য হওয়ার জন্য যা যা শর্ত পূরণ করতে হয় তার সবই ভারত পূরণ করতে পেরেছে। তাই ভারতের নিউক্লয়ার সাপ্লায়ার্স গ্রুপের সদস্য হওয়ায় কোনও আপত্তি নেই যুক্তরাষ্ট্রের।