ইংলিশ প্রিমিয়ার লিগে রবিবার রাতে নিজেদের শেষ ম্যাচে বোর্নমাউথের বিপক্ষে মাঠে নামার কথা ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের। তবে স্টেডিয়ামে একটি সন্দেহজনক প্যাকেট পাওয়া যাবার পর খেলাটি স্থগিত করে দেয়া হয়। ওই প্যাকেটে থাকা বস্তুটিকে বোমা ভেবে নিরাপত্তাজনিত কারণে ম্যাচটি বাতিল করা হয়। এ ঘটনা নিয়ে সোমবার শিরোনাম করেছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।
আগামী বছরের চ্যাম্পিয়ন্স লিগে খেলার জন্য এই ম্যাচে ১৯-০ গোলে জয়লাভের দরকার ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের। কিন্তু ওল্ড ট্রাফোর্ড স্টেডিয়ামের পশ্চিম কর্নারে বোমাসদৃশ সন্দেহজনক বস্তু চিহ্নিত করার পর ম্যাচটি বাতিল করা হয়।
এ ঘটনায় খেলা দেখতে হাজির হওয়া বিপুল সংখ্যক দর্শককে মাঠ থেকে সরিয়ে নেওয়া হয়। ডাকা সামরিক বিশেষজ্ঞদের। পরে সামরিক বোমা বিশেষজ্ঞরা এসে ওই সন্দেহজনক প্যাকেটিতে একটি 'নিয়ন্ত্রিত বিস্ফোরণ' ঘটান।
পরে কর্তৃপক্ষের তরফে জানানো হয়, সন্দেহজনক যে বস্তুটির কারণে বোমাতঙ্ক তৈরি হয়েছিল এবং ম্যাচ পরিত্যক্ত হয়েছিল সেটি ছিল আসলে একটি সাধারণ 'ট্রেনিং ডিভাইস'।
পুলিশ জানিয়েছে, বুধবার একটি অনুশীলন শেষ হবার পর এই ট্রেনিং ডিভাইসটি ভুলক্রমে একটি প্রাইভেট কোম্পানি স্টেডিয়ামে রেখে যায়। আর এটিকে ঘিরেই রবিবার ওল্ড ট্রাফোর্ডে তৈরি হয় আতঙ্ক।
এদিকে কিভাবে ও কেন এ ঘটনা ঘটলো এবং কারা এর জন্য দায়ী সে বিষয়ে পূর্ণাঙ্গ তদন্তের ঘোষণা দিয়েছে গ্রেটার ম্যানচেস্টারের কর্তৃপক্ষ। পরিত্যক্ত ম্যাচটি মঙ্গলবার অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আয়োজকরা। সূত্র: দ্য গার্ডিয়ান।
/এমপি/