রিও অলিম্পিকের কয়েক মাস বাকি থাকতে আবারও ডোপ বিতর্কে টালমাটাল অ্যাথলেটিকস দুনিয়া। সম্প্রতি জানা গেছে, ২০১৪ সালে সোচিতে অনুষ্ঠিত শীতকালীন অলিম্পিকে রাশিয়ার ১৫ জন পদকজয়ী অ্যাথলেটই ডোপ নিয়েছিলেন। পুরো ব্যাপারটা জেনেও নাকি এর বিরুদ্ধে সামান্যতম কোনও পদক্ষেপ গ্রহণ করেনি মস্কো। এবার বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। এ বিষয়টি নিয়ে বুধবার শিরোনাম করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস।
মার্কিন বিচার বিভাগ সংশ্লিষ্ট সূত্র মঙ্গলবার দ্য নিউ ইয়র্ক টাইমসকে এই তদন্তের বিষয়ে নিশ্চিত করেছে।
রাশিয়ার অ্যাথলেটিকদের ডোপ সেবনের বিষয়টি ছাড়াও এর সঙ্গে সম্পৃক্ত বিদেশি কর্মকর্তাদেরও বিষয়েও তদন্ত করা হবে বলে জানা গেছে।
এর আগে অবশ্য ওয়াডার তদন্তে বেরিয়ে আসে, রাশিয়ান অ্যাথলেটদের ডোপ নেওয়ার ব্যাপারে রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা করে আসা হচ্ছে। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত ওয়াডার বৈঠকে নিউইয়র্ক টাইমসে প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদন নিয়ে বিশদ আলোচনা হয়। রুশ অ্যাথলেটদের পাশাপাশি ওই প্রতিবেদনে কেনিয়ার অ্যাথলেটদের ডোপ পাপের কথাও তুলে ধরা হয়েছে।
রাশিয়ার ডোপ পরীক্ষাগারের সাবেক প্রধান গ্রিগরি রোডচেঙ্কোভ দ্য নিউ ইয়র্ক টাইমসকে বলেন, তার জ্ঞাতসারেই ডোপপাপীদের নমুনাগুলোকে নষ্ট করে দেওয়ার ঘটনা ঘটেছে।
গত রোববার একটি অপরাধ তদন্ত–বিষয়ক টেলিভিশন অনুষ্ঠান ‘সিক্সটি মিনিটসে’ ভিতালি স্তেফানভ নামের একজন রাশিয়ান কর্মকর্তা স্বীকার করেছেন, গ্রিগরি রোডচেঙ্কোভ তাকে বলেছিলেন, গতবছর সোচিতে অনুষ্ঠিত শীতকালীন অলিম্পিকে রাশিয়ার সোনাজয়ী অ্যাথলেটদের মধ্যে কমপক্ষে চারজন নাকি নিষিদ্ধ স্টেরয়েড নিয়েছিলেন।
এসব কারণে ওয়াডা আন্তর্জাতিক অলিম্পিক কমিটিকে (আইওসি) আগামী রিও অলিম্পিকে সব অ্যাথলেটকে কেবল ডোপ পরীক্ষার পরই অংশগ্রহণের ছাড়পত্র দেওয়ার অনুরোধ জানিয়েছে। এই প্রস্তাবে সমর্থন জানিয়ে শুক্রবার আইওসিও শীতকালীন অলিম্পিকে অ্যাথলেটদের স্বচ্ছতা খতিয়ে দেখার কথা বলেছে।
এদিকে এই অভিযোগকে ‘ভিত্তিহীন’ ও ‘বানানো’ দাবি করেছে রাশিয়া। দেশটির ক্রীড়ামন্ত্রী ভিতালি মুতকো বলেছেন, ‘এরা আমাদের দুর্দান্ত অ্যাথলেটদের বিশ্বের সামনে খাটো করার চেষ্টা করছে। পুরো বিষয়টিই বানোয়াট ও যড়যন্ত্রমূলক।’ সূত্র: দ্য নিউ ইয়র্ক টাইমস।
/এমপি/