মধ্যপ্রাচ্যের দেশ জর্ডানের স্বাধীনতা দিবস ২৫ মে। এ উপলক্ষ্যে জর্ডানের রাজা দ্বিতীয় আব্দুল্লাহ ও দেশটির জনগণের প্রতি অভিনন্দন জানিয়েছেন ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়াহ। এ বিষয়টি নিয়ে বুধবার শিরোনাম করেছে ব্রুনাইভিত্তিক সংবাদমাধ্যম দ্য ব্রুনাই টাইমস।
১৯৪৬ সালের ২৫ মে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে জর্ডান। দেশটির ভূপ্রকৃতি ঊষর মরুভূমিময়। এখানে প্রাকৃতিক সম্পদের পরিমাণও তুলনামূলক কম। কিন্তু মধ্যপ্রাচ্যের ইতিহাসে দেশটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। দেশটি উসমানীয় সাম্রাজ্যের অংশ ছিল। প্রথম বিশ্বযুদ্ধে উসমানীয় সাম্রাজ্যের পতন ঘটলে ব্রিটিশরা এ অঞ্চলটি দখলে নেয়। জর্ডান নদীর পূর্ব তীরের ট্রান্সজর্ডান এবং পশ্চিম তীরের ফিলিস্তিন উভয়ই ব্রিটিশদের নিয়ন্ত্রণে আসে। ১৯৪৬ সালে ট্রান্সজর্ডান অংশটি একটি স্বাধীন রাজ্য হিসেবে স্বীকৃতি লাভ করে। ১৯৪৯ সালে এর নাম বদলে শুধু জর্ডান রাখা হয়।
১৯৪৮ সালে ফিলিস্তিনি ভূখণ্ডের বিস্তৃত অংশ নিয়ে ইসরায়েল স্বাধীনতা ঘোষণা করে। এ সময় জর্ডান আরও চারটি আরব রাষ্ট্রের সঙ্গে একত্রে ইসরায়েলি আগ্রাসন মোকাবেলায় সেখানে হামলা হামলা জর্ডান। যুদ্ধ শেষে ইসরায়েলিরা পশ্চিম জেরুজালেমের নিয়ন্ত্রণ নেয়। পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের দখল ছিনিয়ে নেয় জর্ডান।
১৯৬৭ সালের জুন মাসে ছয় দিনের যুদ্ধে ইসরায়েল পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরও দখল করে নেয়। জর্ডান পশ্চিম তীরকে নিজের অংশ দাবি করলেও স্বাধীনতাকামী ফিলিস্তিনীদের প্রতি সম্মান দেখিয়ে ১৯৮৮ সালে জর্দানের বাদশাহ হুসেন পশ্চিম তীরের ওপর থেকে জর্ডানের দাবি প্রত্যাহার করে নেন।
জর্ডানের অফিসিয়াল নাম হাশেমি কিংডম অব জর্ডান। দেশটির উত্তরে সিরিয়া, পূর্বে ইরাক ও সৌদি আরব, দক্ষিণে সৌদি আরব ও আকাবা উপসাগর। পশ্চিমে ইসরায়েল ও ফিলিস্তিনের পশ্চিম তীর। জর্ডানের আয়তন ৮৯ হাজার ৫৫৬ বর্গকিলোমিটার। আম্মান দেশের বৃহত্তম শহর ও রাজধানী।
জর্ডানের ভাষা আরবি। প্রতিনিধিত্বশীল সরকারের পাশাপাশি শাসনতান্ত্রিক রাজতন্ত্র বিদ্যমান। ২০১০ সালের আদমশুমারি অনুযায়ী মোট জনসংখ্যা ৬৪ লাখ সাত হাজার ৫৮ জন। শিক্ষার হার ৯১ দশমিক ১ শতাংশ। ২০০৯ সালের হিসাব অনুযায়ী মাথাপিছু আয় পাঁচ হাজার ৬২০ ডলার। সূত্র: দ্য ব্রুনাই টাইমস।
/এমপি/