পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশ থেকে ছয় আফগান গুপ্তচরকে আটক করা হয়েছে। বেলুচিস্তানের রাজধানী কোয়েটায় এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন প্রাদেশিক স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বুগতি। তিনি বলেন, 'এসব গুপ্তচরকে বেলুচিস্তানের পিশিন এলাকা থেকে আটক করা হয়েছে।' এ বিষয়টি নিয়ে শুক্রবার প্রধান শিরোনাম করেছে পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডন।
আটক গুপ্তচরেরা টার্গেট কিলিংসহ নাশকতামূলক তৎপরতায় জড়িত ছিল বলে জানান বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, প্রতিটি বোমা হামলার জন্য এই গুপ্তচরদের ৮০ হাজার রুপি এবং প্রতিটি সুনির্দিষ্ট হত্যাকাণ্ড বা টার্গেট কিলিংয়ের জন্য আড়াই লাখ রুপি করে দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে আফগান গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ডিরেক্টরেট অব সিকিউরিটি (এনডিএস)-এর কঠোর সমালোচনা করেন সরফরাজ বুগতি। তিনি এনডিএস’কে ভারতীয় গোয়েন্দা সংস্থা 'র'-এর অঙ্গ সংগঠন হিসেবে আখ্যায়িত করেন।
তিনি বলেন, পাকিস্তানে অভ্যন্তরে এনডিএ গুপ্তচরদের তৎপরতা পরিচালনার দায়িত্ব এক অবসরপ্রাপ্ত আফগান জেনারেলসহ তিন জেনারেলের ওপর ন্যস্ত রয়েছে। এরা হলেন জেনারেল নাঈম বালুচ, জেনারেল মোমিন এবং অবসরপ্রাপ্ত জেনারেল মালিক। এর আগে গত মার্চে বেলুচিস্তান থেকে কুলভূষণ যাদব নামে 'র'-এর এক গুপ্তচর গ্রেফতারের দাবি করেছিল পাকিস্তান। সূত্র: ডন।
/এমপি/