লন্ডনে ওপেন হার্ট সার্জারি করাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। মেডিক্যাল চেকআপের জন্য লন্ডনে গিয়ে চিকিৎসকদের পরামর্শে এ সিদ্ধান্ত নেন তিনি। মঙ্গলবার লন্ডনের প্রিন্সেস গ্রেস হাসপাতালে নওয়াজের অস্ত্রোপাচার সম্পন্ন হওয়ার কথা রয়েছে। শুক্রবার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বিষয়টি নিশ্চিত করেন। এ বিষয়টি নিয়ে শনিবার প্রধান শিরোনাম করেছে পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডন।
মঙ্গলবারের অস্ত্রোপচার হবে পাঁচ বছরের মধ্যে নওয়াজ শরিফের দ্বিতীয় ওপেন হার্ট সার্জারি। ৬৬ বছর বয়সী পাকিস্তানের প্রধানমন্ত্রী প্রায় এক সপ্তাহ হাসপাতালে থাকবেন বলে ধারণা করা হচ্ছে। এরপর তিনি দেশে ফিরে আসবেন।
টুইটারে দেওয়া একাধিক পোস্টে বাবার অস্ত্রোপচারের বিষয়ে কথা বলেছেন নওয়াজ শরেফের কন্যা মরিয়ম নওয়াজ শরিফ।
শুক্রবার রাতে মরিয়ম নওয়াজ শরিফ জানান, ‘সাম্প্রতিক নির্দিষ্ট কিছু জটিলতার কারণে চিকিৎসকরা আরও অনেক পরীক্ষা-নিরীক্ষা করেছেন। স্ক্যানসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর হৃদরোগ চিকিৎসক ও সার্জনদের একটি বিশেষজ্ঞ দল তার ওপেন হার্ট সার্জারি করার সিদ্ধান্ত দিয়েছেন।’
তিনি আরও জানান, লন্ডনে অপারেশনের পর সুস্থ হয়ে উঠার জন্য তিনি এক সপ্তাহ হাসপাতালে থাকবেন। চিকিৎসকরা অনুমতি দেওয়া মাত্রই তিনি দেশে ফিরে আসবেন।
টুইটারে পিতার অসুস্থতা নিয়ে মরিয়ম নওয়াজ শরিফের পোস্টে যারা সাড়া দিয়েছেন তাদের মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও রয়েছেন। তিনি নওয়াজ শরিফের দ্রুত আরোগ্য কামনা করেছেন।
পাকিস্তানের একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা জানান, প্রধানমন্ত্রীর সেরে উঠতে এক সপ্তাহের সামান্য বেশি সময় লাগতে পারে। সুস্থ হওয়ার পরপরই তিনি দেশে ফিরে আসবেন।
ওই কর্মকর্তা আরো জানান, নওয়াজ শরিফ লন্ডনে তার চিকিৎসার যাবতীয় ব্যয় নিজেই বহন করবেন। এক্ষেত্রে তিনি সরকারি কোনও সুযোগ সুবিধা নেবেন না। সূত্র: ডন।
/এমপি/