ডন

পাকিস্তান-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে সংশয়ের অবসান হচ্ছে: মামনুন

ডনের প্রথম পাতাপাকিস্তানের প্রেসিডেন্ট মামনুন হুসেইন বলেছেন, তার দেশ ও যুক্তরাষ্ট্র নিজেদের মধ্যকার বিভেদের দেয়াল ভাঙার এবং পারস্পরিক ‘সন্দেহজনিত’ ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টা করছে। পার্লামেন্টের যৌথ অধিবেশনে দেওয়া ভাষণে তিনি বলেন, ‘পরস্পরের প্রতি সন্দেহের সমাপ্তি এবং দ্বিপাক্ষিক সহযোগিতা বিস্তৃত করার ক্ষেত্র আবিষ্কারের চেষ্টা করছে দুটি দেশ।’
বৃহস্পতিবার (২জুন) এ নিয়েই প্রধান শিরোনাম করেছে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন।
প্রতিবেদনে বলা হয়, যদিও ভাষণের পররাষ্ট্র নীতিবিষয়ক অংশে প্রেসিডেন্ট আশাবাদ ব্যক্ত করেছেন, তারপরও খতিয়ে দেখলে বোঝা যাবে সত্যিকার অর্থে পররাষ্ট্র সম্পর্কটা ভালো যাচ্ছে না। যুক্তরাষ্ট্রের সঙ্গে যেমন সম্পর্কটা সংকটপূর্ণ অবস্থায় রয়েছে, তেমনি ভারতের সঙ্গেও পাকিস্তানের আলোচনা স্থগিত হয়ে আছ্ আফগানিস্তানে শান্তি আলোচনায় মধ্যস্থতার চেষ্টাও থমকে আছে। তাছাড়া উপসাগরীয় ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্য আনতে পাকিস্তানকে রীতিমত সংগ্রাম করতে হচ্ছে।
ভাষণে যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের কি কি সংশয় ও সন্দেহ রয়েছে তা নিয়ে বিস্তারিত বলেননি মামনুন। সব সময় উত্থান-পতনের মধ্যে থাকা যুক্তরাষ্ট্র-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন করে মিসাইল কর্মসূচিকে নিয়ে খারাপ অবস্থায় রয়েছে। হাক্কানি নেটওয়ার্ককে নির্মূল করতে পাকিস্তান যথেষ্ট ব্যবস্থা নিচ্ছে না বলেও অভিযোগ রয়েছে যুক্তরাষ্ট্রের।
আর এ অভিযোগকে কেন্দ্র করে সম্প্রতি পাকিস্তানকে আটটি এফ-১৬ যুদ্ধ বিমান কেনার ক্ষেত্রে ভর্তুকি দিতে অস্বীকৃতি জানায় মার্কিন কংগ্রেস।

এদিকে বার বার পাকিস্তানের চেষ্টার পরও ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক ভালো করার ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে না বলে অভিযোগ করেছেন মামনুন। তবে সৌদি নেতৃত্বাধীন জোটে অংশ নেওয়ায় পাকিস্তান সরকারের প্রশংসা করেছেন তিনি।

/এফইউ/