ডন

ইস্তানবুলে পুলিশ বাসে গাড়িবোমা হামলায় নিহত ১১

তুরস্কের বৃহত্তম শহর ইস্তানবুলে মঙ্গলবার পুলিশের বাসে বোমা হামলায় সাত পুলিশ কর্মকর্তাসহ ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৬০ জন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাৎক্ষণিকভাবে এ হামলার দায় স্বীকার করেনি কেউ। এ বিষয়টি নিয়ে বুধবার শিরোনাম করেছে পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডন।

সড়কে পার্ক করা একটি প্রাইভেট কারের পাশ দিয়ে পুলিশের বাসটি যাওয়ার সময় রিমোট কন্ট্রোলের সাহায্যে বোমার বিস্ফোরণ ঘটানো হয়। বোমাটি প্রাইভেট কারে রাখা ছিল।

একজন প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, বোমা বিস্ফোরণে দুটি পুলিশের বাস ক্ষতিগ্রস্ত হয়। একটি বাস সড়কের পাশে ছিল। বিস্ফোরণের পর গুলির শব্দ শোনা গেছে।

Dawn

তুর্কি টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে ইস্তানবুলের গভর্নর ভাসিপ শাহিন বলেন, ইস্তানবুলের শীর্ষ পর্যটন স্থানগুলোর কাছাকাছি বায়েজিদ এলাকার মধ্য দিয়ে দাঙ্গা পুলিশের একটি বাস যাচ্ছিল। এ সময় ওই বাসটি বোমা হামলার শিকার হয়।

টেলিভিশন ফুটেজে দেখা গেছে, বিস্ফোরণে পুলিশের যানটির ব্যাপক ক্ষতি হয়। এতে আশপাশের দোকানের জানালাও গুঁড়িয়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় আশপাশে থামিয়ে রাখা গাড়িও। হামলার কারণে দুর্ঘটনাস্থলের কাছাকাছি অবস্থিত ইস্তানবুল বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত পরীক্ষা বাতিল করা হয়েছে।

উল্লেখ্য, চলতি ও গত বছরে তুরস্কে ঘটা একাধিক হামলার জন্য মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) ও অবৈধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টিকে (পিকেকে) দায়ী করা হয়। তুর্কি সরকার দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চল ও প্রতিবেশী দেশ ইরাকে পিকেকের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে।

ধারণা করা হচ্ছে, ইস্তানবুলের এ হামলায় কুর্দি বিদ্রোহীদের ছাপ আছে। কারণ, কুর্দি বিদ্রোহীরা ধারাবাহিকভাবে নিরাপত্তা বাহিনীকে হামলার লক্ষ্যবস্তু করে আসছে। সূত্র: ডন।

/এমপি/