ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বলেছেন, পরমাণু সরবরাহ গোষ্ঠী বা নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপে (এনএসজি) পাকিস্তান যুক্ত হতে চাইলে ভারত তাতে আপত্তি জানাবে না। এনএসজিতে ভারতের অন্তর্ভুক্তির চেষ্টায় চীনেরও কোনো আপত্তি আছে বলে দিল্লি মনে করেন না। রবিবার নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে সুষমা স্বরাজ এ কথা বলেন। এ বিষয়টি নিয়ে সোমবার শিরোনাম করেছে পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডন।
এর আগে এনএসজিতে যুক্ত হওয়ার চেষ্টায় চীনের সমর্থন পেতে ভারতের পররাষ্ট্রসচিব এস জয়শঙ্কর অঘোষিত সফরে গত সপ্তাহে বেইজিং সফরে যান। ভারতের সরকারি সূত্র থেকে গণমাধ্যমের কাছে জয়শঙ্করের সফরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সংবাদ সম্মেলনে সুষমা স্বরাজ বলেন, ‘এনএসজিতে যুক্ত হওয়ার ক্ষেত্রে পাকিস্তানসহ কোনো দেশের অন্তর্ভুক্তিরই বিরোধিতা আমরা করছি না।’ তিনি বলেন, ‘যোগ্যতার বিচারে যে দেশই এনএসজির সদস্যপদ পাক, ভারত তার বিরোধিতা করবে না।’
চীন এনএসজিতে ভারতের অন্তর্ভুক্তির বিরোধিতা করছে বলে যেসব খবর প্রকাশ পেয়েছে, তা নাকচ করে দিয়ে সুষমা স্বরাজ বলেছেন, তাঁরা আশা করছেন চীন এই সংগঠনে ভারতের অন্তর্ভুক্তির প্রয়োজনীয়তা বুঝতে পারবে। সুষমা বলেন, তিনি এ বিষয়ে এনএসজির ২৩টি সদস্য দেশের নেতাদের সঙ্গে কথা বলেছেন। এর মধ্যে মাত্র একটি বা দুটি দেশ ভারত সম্পর্কে তাদের সীমাবদ্ধতার কথা জানিয়েছে। বাকি সবাই ভারতের সদস্য পদের পক্ষে রয়েছে। সুষমা মনে করেন, এ বছরের শেষের দিকেই ভারত এনএসজির সদস্য পদ লাভ করতে পারবে।
ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এ সময় আরও বলেন, পাকিস্তানের সঙ্গে তাঁর দেশের সম্পর্ক আগের চেয়ে এখন অনেক ভালো। তিনি বলেন, পাকিস্তানের সঙ্গে বেশ কিছু জটিল বিষয়ে সমঝোতা হওয়া দরকার। শিগগিরই তা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ বলেছেন, ১৬ থেকে ১৭ জুন জয়শঙ্কর বেইজিং সফর করেন। এ সময় তিনি জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাদের সঙ্গে এনএসজিসহ নানা ইস্যু নিয়ে আলোচনা করেছেন।
চলতি সপ্তাহে উজবেকিস্তানের তাসখন্দে সাংহাই সহযোগিতা সংস্থার সম্মেলন হবে। সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দ্বিপক্ষীয় আলোচনা হওয়ার কথা। সূত্র: ডন।
/এমপি/