আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ওপর সাম্প্রতিক এক জনমত জরিপে হিলারির কাছে পিছিয়ে পড়েছেন রিপাবলিকান পার্টির সম্ভাব্য প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। জরিপের ফল প্রকাশের পর প্রধান নির্বাচনি প্রচার ব্যবস্থাপক করি লিওয়ানডোসকিকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন ট্রাম্প। মঙ্গলবার এ বিষয়টি নিয়ে শিরোনাম করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট।
করি লিওয়ানডোসকি’র নেতৃত্বাধীন ট্রাম্পের এই প্রচার ক্যাম্পটি মূলত মার্কিন নির্বাচনের জন্য রিপাবলিকান পার্টির পরিকল্পনা সমন্বয়ের কাজ করতো।
করি লিওয়ানডোসকি’র অব্যাহতির বিষয়ে অবশ্য পরস্পরবিরোধী খবর পাওয়া গেছে। বিভিন্ন সূত্রে বলা হচ্ছে, ডোনাল্ড ট্রাম্পের প্রচারণার দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে ট্রাম্পের ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, তাকে ছাঁটাই করা হয়েছে।
সম্প্রতি ‘রয়টার্স ইপসোস জরিপে’ ডেমোক্রেটিক পার্টির সম্ভাব্য প্রার্থী হিলারি ক্লিনটনের চেয়ে পিছিয়ে পড়েন ডোনাল্ড ট্রাম্প। চলতি সপ্তাহের জরিপে দেখা গেছে, ৪৫ দশমিক ৫ শতাংশ মার্কিন ভোটার হিলারিকে সমর্থন করছেন। অন্যদিকে, ট্রাম্পকে সমর্থন করছেন ৩৪ দশমিক ৮ শতাংশ মানুষ। মূলত জরিপের এই ফল দেখেই ক্ষুব্ধ হন ট্রাম্প।
ট্রাম্পের নির্বাচনি প্রচারণা শিবির থেকে এ খবর নিশ্চিত করা হয়েছে যে, করি লিওয়ানডোসকি আর তাদের সঙ্গে নেই। তবে ঠিক কি কারণে এ সিদ্ধান্ত; সে সম্পর্কে কিছু জানা যায়নি।
প্রচারণা শিবিরের মুখপাত্র জানান, করি লিওয়ানডোসকি এই ক্যাম্পে আর কাজ করবেন না। তার পরিশ্রম ও ত্যাগের জন্য প্রচারকাজে নিয়োজিত টিম কৃতজ্ঞ।
সাম্প্রতিক সময়ে অভিবাসী নীতি নিয়ে কড়া মন্তব্য করায় তার নিজ দলের জ্যেষ্ঠ সদস্যদের কঠিন বিরোধিতার মুখে পড়েন ট্রাম্প। পিছিয়ে পড়েন জনমত জরিপে। এছাড়া সম্প্রতি অরল্যান্ডোর নাইট ক্লাবে বন্দুকধারীর গুলিতে ৫০ জন নিহত হওয়ার পর ট্রাম্পের মন্তব্যের কঠোর সমালোচনা করেন অনেকে। ওই হামলার পর ট্রাম্প যুক্তরাষ্ট্রে মুসলিমদের প্রবেশে নিষেধাজ্ঞা জারির প্রত্যয় পুনর্ব্যক্ত করেন। এমনকি মুসলিমবিরোধী পূর্ব সতর্কতার জন্য নিজেকে ধন্যবাদও জানান এই ব্যবসায়ী কাম রাজনীতিক।
এদিকে ডোনাল্ড ট্রাম্পের সাবেক উপদেষ্টা জিম ডরনান সম্প্রতি মন্তব্য করেছেন, হাতে ১৫ কোটি ডলার নগদ তুলে দিলে ট্রাম্প নির্বাচন থেকে সরে দাঁড়াবেন।
উপদেষ্টা জিম ডরনান বলেন, দরদাম নিয়ে ট্রাম্প দলের নেতাদের সঙ্গে সমঝোতা করতে সম্মত হবেন। রিপাবলিকান পার্টির সমর্থক এমন একাধিক ধনকুবের সানন্দেই সে অর্থ সংগ্রহে সাহায্য করবেন।
জিম ডরনানের এমন মন্তব্য অবশ্য ক্ষোভের সঙ্গে প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প। তার বিদায়ী প্রচারণা ব্যবস্থাপক করি লেয়ানডস্কি তখন বলেছিলেন, ট্রাম্পকে টাকা দিয়ে কিনবে, এমন ধনবান কেউ নেই। কোনো অবস্থাতেই তিনি প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়াবেন না।
/এমপি/