ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘রাজনের দেশপ্রেম আমাদের কারো থেকে কম নয়। তার দেশপ্রেম নিয়ে আমার কোনও সন্দেহ নেই। যারা রাজনকে যুক্তরাষ্ট্রের এজেন্ট বলছেন বা তার দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন তুলছেন, তারা সস্তা প্রচারের জন্যই তা করছেন। তাদের কথার কোনও গুরুত্ব নেই।’ সোমবার ভারতীয় টেলিভিশন চ্যানেল টাইমস নাউকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন নরেন্দ্র মোদি। এর মধ্য দিয়ে তিনি কার্যত ভারতের রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর রঘুরাম রাজনের পাশে দাঁড়িয়ে রাজ্যসভায় বিজেপিদলীয় এমপি সুব্রামনিয়ম স্বামীকে কড়া বার্তা দলেন। এ বিষয়টি নিয়ে মঙ্গলবার প্রধান শিরোনাম করেছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া।
সুব্রামনিয়ম স্বামীকে তিনি কী বার্তা দিতে চান এমন প্রশ্নের উত্তরে মোদি বলেন, কেউ যেন নিজেকে সিস্টেমের উপরে না ভাবেন। আমার কাছে শৃঙ্খলাই শেষ কথা।
মোদি বলেন, আমি ২০১৪ সালেও ভোটে উন্নয়ন এবং কর্মসংস্থানকেই একমাত্র ভোটের প্রচারের বিষয় হিসাবে বেছে নিয়েছিলাম। আজও মনে করি আমাদের সরকার বা দলের প্রধান স্লোগান এক ও একমাত্র উন্নয়ন। সাম্প্রদায়িক উস্কানিমূলক বা প্ররোচনা প্রদান করা ভাষণ বা মন্তব্য সম্পর্কে মোদি পাল্টা মিডিয়াকে প্রশ্ন করেছেন, আপনারা এসব প্রচার করেন কেন? যারা এসব মন্তব্য করেন তারা তো পাবলিসিটি চায়। আপনারা এদের হিরো সাজান কেন? এদের পাত্তা দেবেন না!
ভারতের প্রধানমন্ত্রী বলেন, আমরা প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক চাই। তাই আলোচনা প্রক্রিয়াকেও এগিয়ে নিয়ে যেতে চাই। কিন্তু, দুঃখের বিষয় সেদেশে প্রকৃত কোনও সরকার নেই। আন্তর্জাতিক মহলকে দেখাতে চাই যে আমরা বারংবার পাকিস্তানের সঙ্গে আলোচনা চাইছি। কিন্তু পাকিস্তানে কার সঙ্গে কথা বলব? গণতান্ত্রিকভাবে নিবার্চিত সরকারের সঙ্গে? নাকি সমান্তরাল প্রশাসন চালানো শান্তিপ্রক্রিয়ার পরিপন্থী কোনও গোষ্ঠীর সঙ্গে?
তিনি বলেন, অনেকেই মনে করতে পারেন আমরা এত কিছু সত্ত্বেও পাকিস্তানের সঙ্গে আলোচনার রাস্তা বন্ধ করি না কেন? এর কারণ হল আন্তর্জাতিক মহল বুঝতে পারছে আমাদের পক্ষ থেকে চেষ্টার কমতি নেই। সুতরাং এবার জবাবদিহি করতে হচ্ছে পাকিস্তানকে। যে জবাব আজ পাকিস্তান দিতে পারছে না। সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া।
/এমপি/