অল্প কয়েকদিনের ব্যবধানে ফের যুক্তরাষ্ট্রে বন্দুকধারীদের গুলিতে তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এছাড়া বন্দুকধারীর গুলিতে আহত হয়েছেন আরও ৪ পুলিশ সদস্য। রবিবার সকালে লুইজিয়ানা অঙ্গরাজ্যের ব্যাটন রুজ এলাকায় এ ঘটনা ঘটে। এ বিষয়টি নিয়ে সোমবার প্রধান শিরোনাম করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস।
ওই ঘটনায় সাত পুলিশ সদস্যও গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।
তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এয়ালাইন হাইওয়ে অ্যাসল্ট রাইফেলসহ বন্দুকধারীর উপস্থিতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। এরপরই ওই বন্দুকধারী গুলিবর্ষণ শুরু করে। আহত পুলিশ কর্মকর্তাদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।
ইস্ট ব্যাটন রুজের মেয়র কিপ হলডেন জানান, কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। নিহতদের মধ্যে পুলিশ কর্মকর্তা ডেপুটি শেরিফ থাকতে পারেন।
কিপ হলডেন বলেন, পুলিশ এখনও ঘটনাস্থলে রয়েছে। তদন্ত করা হচ্ছে। এখন আমরা ঘটনাস্থলে ফোর্স জড়ো করছি। ধারণা করা হচ্ছে হামলাকারীও গুলিতে নিহত হয়েছে।
তিনি জানান, সবকিছু খুব দ্রুত ঘটছে। নিশ্চিত হওয়ার মতো সময় পাওয়া যাচ্ছে না। কর্তৃপক্ষ হামলার বিস্তারিত এখনও জানাতে পারেনি।
ব্যাটন রুজ পুলিশ কর্পোরাল লেফটেন্যান্ট জেনারেল ম্যাকেনলি জানান, বেশ কয়েকজন কর্মকর্তা গুলিবিদ্ধ হয়েছেন। তবে তিনি আহতদের অবস্থা সম্পর্কে কিছু জানাতে পারেননি। ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে বলে জানান তিনি।
স্থানীয় পুলিশ সদর দফতরের কাছেই এ ঘটনা ঘটেছে। পুলিশ বিভাগের মুখপাত্র সার্জেন্ট ডন কপ্পোলা জানিয়েছেন, কতজন পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধ হয়েছেন এবং তাদের অবস্থা কী সে সম্পর্কে তিনি এখনও জানেন না।
দুই সপ্তাহ আগে ব্যাটন রুজ এলাকায় কিছুদিন আগে পুলিশের গুলিতে কৃষ্ণাজ্ঞ ব্যক্তি অ্যালটন স্টার্লিং নিহত হওয়ার পর থেকেই উত্তেজনা বিরাজ করছিল।
কিছুদিন আগেই ডালাসে এক প্রতিবাদ মিছিল প্রস্তুতির সময় বন্দুকধারীর গুলিতে ৫ পুলিশ সদস্য নিহত হন। পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ হত্যার প্রতিবাদে এ মিছিলটি আয়োজন করা হয়েছিল।
এদিকে, রবিবার ভোরেই ফ্লোরিডায় একটি হাসপাতালে এক বন্দুকধারী এলোপাতাড়ি ছুড়া গুলিতে একজন বয়স্ক নারী রোগী ও হাসপাতালের এক কর্মী নিহত হয়েছেন। রবিবার ভোরে টাইটাসভেল শহরের পেরিশ মেডিকেল সেন্টার নামের ওই হাসপাতালের চারতলায় এ হামলার ঘটনা ঘটে। পুলিশ ওই বন্দুকধারীকে গ্রেফতার করেছে।
/এমপি/