কাবুলের হামলায় আইএসের দায় স্বীকার, তালেবানের নিন্দা

ডনের প্রথম পাতাশনিবার আফগানিস্তানের কাবুলে সংখ্যালঘু হাজারা সম্প্রদায়ের বিক্ষোভ মিছিল চলার সময় আত্মঘাতী বোমা হামলায় ৮০ জন নিহত হন। আহত হন অন্তত ২৩০ জন। হামলার পর পরই মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আইএসের পক্ষ থেকে দায় স্বীকারের খবর প্রকাশ করা হয়। অন্যদিকে ভয়াবহ এ হামলার নিন্দা জানিয়েছে আফগান তালেবান। রবিবার এ খবরটিকেই প্রধান শিরোনাম করেছে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন।
প্রতিবেদনে বলা হয়, শনিবার কাবুলের ডেমাজাং সার্কেলের কাছে একটি বিদ্যুৎ সংযোগের গতিপথ পরির্বতনের জন্য আফগানিস্তানের শিয়াপন্থী হাজারা সম্প্রদায়ের হাজার হাজার মানুষ বিক্ষোভ করছিলেন। এ সময় একজন আত্মঘাতী ওই বিক্ষোভকারীদের মধ্যে বিস্ফোরণ ঘটালে ৮০ জন নিহত এবং ২৩০ জন আহত হন। আফগান স্বরাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে জানিয়েছেন, ‘প্রাথমিক তদন্তে তিনজন আত্মঘাতী হামলাকারী এই হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে’।
হামলার পর পরই আইএসের দায় স্বীকারের খবর প্রকাশ হয়। আইএস-সংশ্লিষ্ট মিডিয়া হিসেবে পরিচিত ‘আমাক’ খবর দিয়েছে,এ হামলায় দায় স্বীকার করেছে সিরিয়া ও ইরাক ভিত্তিক ইসলামিক স্টেট (আইএস)। আমাক দাবি করেছে, ইসলামিক স্টেট (আইএস)-এর দুই সদস্য শরীরে আত্মঘাতী বোমা নিয়ে শিয়াদের লক্ষ্য করে এই হামলা চালিয়েছে।’

আফগানিস্তানের পূর্বাঞ্চলে আইএসের উপস্থিতি রয়েছে বলে দাবি করা হলেও রাজধানী কাবুলে এটিই সংগঠনটির প্রথম হামলা।  আফগানিস্তানে বিভিন্ন হামলার ঘটনায় তালেবানের পক্ষ থেকে দায় স্বীকার করা হলেও এবারের হামলার নিন্দা জানিয়েছে সংগঠনটি।

উল্লেখ্য, আফগানিস্তানের শিয়া হাজারা সম্প্রদায় দীর্ঘদিন ধরে অবহেলিত। বামিয়ান এলাকায় তাদের আবাস। ভয়াবহ পিছিয়ে থাকা এই এলাকায় বিদ্যুৎ সংযোগ নেই। সঙ্গে রয়েছে তালেবানের দৌরাত্ম্য। বিভিন্ন সময়েই আক্রোশের শিকার হতে হয় হাজারা সম্প্রদায়ের মানুষকে। শনিবারের হামলার আগে হাজারা সম্প্রদায়ের ওপর সবচেয়ে বড় হামলাটি হয় ২০১১ সালে। সেসময় ৫৫ জন নিহত হয়। লস্কর ই জাংভির পক্ষ থেকে ওই হামলার দায় স্বীকার করা হয়েছিল।

/এফইউ/