ডন

সিন্ধুর মুখ্যমন্ত্রীকে অপসারণের সিদ্ধান্ত পিপিপি’র

Dawnসিন্ধু প্রদেশের সৈয়দ কায়িম আলী শাহকে অপসারণের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। তার স্থলাভিষিক্ত হবেন অপেক্ষাকৃত কমবয়সী সিনিয়র মন্ত্রী মুরাদ আলী শাহ। এ বিষয়টি নিয়ে সোমবার শিরোনাম করেছে পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডন।

পিপিপি শাসিত সিন্ধু প্রদেশে রেঞ্জারদের (মিলিশিয়া পুলিশ) নিয়ে বিতর্ক চলছিল অনেকদিন ধরে। বিশেষ করে তারা সরকারি দলের কয়েকজন শীর্ষস্থানীয় ব্যক্তিকে আটকের পর বিতর্ক তুঙ্গে ওঠে। এ অবস্থায় তাদের ক্ষমতারর পরিধি বাড়াতে সেনাবাহিনী থেকে চাপ আসতে থাকে। এ বিষয়ে আলোচনার জন্য দলের শীর্ষ নেতৃবৃন্দকে ডেকে পাঠান পিপিপি’র কো-চেয়ারপারসন আসিফ আলী জারদারি। জারদারি বর্তমানে দুবাই অবস্থান করছেন। নেতৃবৃন্দ তার সঙ্গে বৈঠক করতে সেখানেই যান। গত রবিবারের ওই বৈঠকে সিদ্ধান্ত হয়, সিন্ধু প্রদেশের মন্ত্রীসভায় রদবদল ঘটানো তো হবেই, এমনকি মুখ্যমন্ত্রী সৈয়দ কায়িম আলী শাহকেও আর রাখা হবে না।

যে বৈঠকে এ সিদ্ধান্ত হয়, সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী নিজেও। মন্ত্রীসভায় রদবদলের গুঞ্জন থাকলেও তিনি নিজেও এর শিকার হবেন, সেটা আঁচ করতে পারেননি তিনবারের মুখ্যমন্ত্রী সৈয়দ কায়িম আলী শাহ।

জারদারির মুখপাত্র সিনেটর ফরহাতুল্লাহ বাবর পরে জানান, দলের চেয়ারপারসন বিলওয়াল জারদারি এ সপ্তাহেই সিন্ধু যাবেন এবং দলের প্রাদেশিক নেতা ও এমপিএদের সঙ্গে বসে সিদ্ধান্তটি চূড়ান্ত করবেন।

কায়িম আলী শাহ দেশে ফিরে গভর্নর ড. ইশরাতুল খানের কাছে পদত্যাগপত্র পেশ করবেন। 

কায়িম আলী শাহ ২০০৪ সালে পিপিপি’র প্রাদেশিক সভাপতির দায়িত্ব পান। চলতি বছরের গোড়ার দিকে বিলওয়াল জারদারি দলের সব প্রাদেশিক কমিটি বিলুপ্ত করেন। সে সময় কায়িম আলী শাহর স্থলে নতুন কাউকে বসানোর চেষ্টা হলেও তার পক্ষে সিনিয়র জারদারি অনমনীয় অবস্থান নেয়ায় তা সম্ভব হয়নি। অবশেষে পিতা ব্যর্থ হলেন এবং পুত্রের সমর্থনপুষ্ট মুরাদ আলী শাহ সিন্ধুর মুখ্যমন্ত্রী হতে চলেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানায়, কায়িম আলী শাহর বয়স এখন ৮৩ বছর। বয়সের কারণেই তিনি এখন অনেক চাপ বহনে অক্ষম এবং অনেক ক্ষেত্রে নমনীয়। এ কারণেই তাকে পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছে।

/এমপি/