উইকিলিকসের ই-মেইল ফাঁসের জের ধরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট পার্টির প্রার্থিতা বাছাইয়ে আয়োজিত কনভেনশনের ঠিক আগ মুহূর্তে পদত্যাগের ঘোষণা দেন ডেবি ওয়াজেরমেন শুলজ।
আগে থেকেই হিলারি ক্লিনটনকে বেছে নিয়েছিলেন ডেমোক্র্যাট ন্যাশনাল কমিটির নেতারা। ডেমোক্র্যাট দলের কর্মীদের মধ্যে আদান-প্রদান হওয়া এমন ১৯ হাজারেরও বেশি ই-মেইল ফাঁস করেছে আলোচিত গণমাধ্যম উইকিলিকস। ফাঁস হওয়া ইমেইলগুলোতে ন্যাশনাল কমিটি এবং বার্নি স্যান্ডার্সের মধ্যকার বিভাজন পরিষ্কারভাবে ফুটে উঠেছে। আর এর ফলে তীব্র সমালোচনার মুখে পড়ে পদত্যাগের ঘোষণা দেন ডেবি ওয়াজেরমেন শুলজ।
সোমবার বিকাল থেকে ফিলাডেলফিয়ায় শুরু হতে যাচ্ছে ডেমোক্র্যাটদের কনভেনশন। কনভেনশন শুরুর কয়েক ঘণ্টা আগে ‘দলীয় ঐক্য’ ধরে রাখার কথা বলে ডেবি পদত্যাগের ঘোষণা দেন। বিভিন্ন অঙ্গরাজ্যে অনুষ্ঠিত প্রাইমারি ও ককাসে সংখ্যাগরিষ্ঠ প্রতিনিধির সমর্থন পাওয়া হিলারিকে চারদিনের এ কনভেনশনে দলীয় প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার কথা রয়েছে।
উইকিলিকসের ই-মেইল ফাঁসের পর ভারমন্টের সিনেটর বার্নি স্যান্ডার্স ডেমোক্র্যাট দলের প্রধানের পদ থেকে ডেবি ওয়াজেরমেন শুলজকে সরে যাওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘আমার ধারণা, এই ইমেইলগুলোই প্রমাণ করছে, কেন তার আর ডেমোক্র্যাট দলের চেয়ারে থাকা উচিত নয়।’
স্যান্ডার্স ও তার সমর্থকদের তীব্র সমালোচনার মুখে রবিবার পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান ডেবি ওয়াজেরমেন। এক বিবৃতিতে তিনি বলেন, কনভেনশন শেষ হওয়ার পরই তিনি দলের প্রধানের পদ ছেড়ে দেবেন।
ডেবি বলেন, ‘এই সপ্তাহে দারুণ ঐক্যবদ্ধ একটি কনভেনশন আয়োজনের প্রস্তুতি নিয়েছি আমরা। আশা করছি, আয়োজকরা কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে এমন এক কনভেনশন উপহার দেবেন, যা আমাদের দেখা সেরা আয়োজন হিসেবে গণ্য হবে।’
মার্কিন গোপন নথি ফাঁস করে আলোচনায় থাকা উইকিলিকসের ওয়েবসাইটে শুক্রবার বেশ কয়েকটি ইমেইলের বিষয়বস্তু প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা গেছে ডেমোক্র্যাটিক ন্যাশনাল কমিটির কর্মকর্তারা স্যান্ডার্স ও তার সমর্থকদের নিয়ে বিদ্রুপ করছেন, ইহুদি ধর্মের প্রতি স্যান্ডার্সের অঙ্গীকারকে প্রশ্নবিদ্ধ করছেন। অথচ এ কমিটিকে নিরপেক্ষ বলে বিবেচনা করা হয়ে থাকে।
ইমেইলগুলোর একটিতে দেখা যায়, ডেমোক্র্যাট কমিটির কর্মীরা একে অপরের কাছে জানতে চাইছিলেন কিভাবে দক্ষিণাঞ্চলীয় ভোটারদের চোখে বার্নি স্যান্ডার্সকে দুর্বল করে দিতে তার ধর্মবিশ্বাসকে ব্যবহার করা যায়। আরেকটি ইমেইলে দেখা গেছে, এক অ্যাটর্নি কমিটিকে পরামর্শ দিচ্ছেন কী করে স্যান্ডার্সের ক্যাম্পেইনে ওঠা অভিযোগ থেকে হিলারিকে রক্ষা করা যায়।
উইকিলিকস যেসব ব্যক্তির ইমেইল প্রকাশ করেছে তার মধ্যে রয়েছেন- ডেমোক্র্যাটিক ন্যাশনাল কমিটির মুখপাত্র লুইস মিরান্ডা, জাতীয় অর্থবিষয়ক পরিচালক জর্ডন কাপলান এবং অর্থবিষয়ক প্রধান স্কট কোমার। উইকিলিকস জানিয়েছে কমিটির অন্য সদস্য, মিডিয়া ব্যক্তিত্ব এবং হোয়াইট হাউজের কয়েক কর্মকর্তার মধ্যে ইমেইল চালাচালি হয়েছে ২০১৫ সালের জানুয়ারি থেকে গত মে মাস পর্যন্ত।
ই-মেইলগুলোতে বিভিন্ন অঙ্গরাজ্যের প্রাইমারি ও ককাসের আগে বার্নি স্যান্ডার্স শিবিরের প্রচারকে ‘ক্ষতিগ্রস্ত করার’ অভিযোগ এসেছে।
কোনও কোনও ইমেইলে দেখা গেছে, ডেমোক্র্যাটিক পার্টির অনুষ্ঠানে বিতর্কিত ব্যক্তিদের অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হবে কিনা সে ব্যাপারে ডেমোক্র্যাটিক ন্যাশনাল কমিটি এবং হোয়াইট হাউজের কর্মকর্তাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে।
কে বা কারা ইমেইলগুলো ফাঁস করেছে সে ব্যাপারে নির্দিষ্ট করে কিছু জানায়নি উইকিলিকস। নিজস্ব ওয়েবসাইটে উইকিলিকস কর্তৃপক্ষ জানিয়েছে, ডেমোক্র্যাটিক ন্যাশনাল কমিটির গুরুত্বপূর্ণ সাত ব্যক্তির অ্যাকাউন্ট থেকে মেইলগুলো করা হয়েছিল। একইসঙ্গে উইকিলিকসের ওয়েবসাইটে সতর্ক করে বলা হয়, ‘ইমেইল ফাঁসের ঘটনা হিলারি ক্লিনটনের তথ্য ফাঁসের জন্য ধারাবাহিক আয়োজনের একটা অংশ মাত্র’। অর্থাৎ এর মধ্য দিয়ে ভবিষ্যতে আরও তথ্য ফাঁসেরই ইঙ্গিত দিয়েছে উইকিলিকস।
/এমপি/