প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামাবাদে ভারতীয় দূতাবাস কর্মীদের ৫০ জন সন্তান সেখানকার স্কুলে পড়াশোনা করে। নিরাপত্তার কথা ভেবেই তাদের পাকিস্তানের বাইরে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ বলেন, ‘মাঝে মাঝেই দূতাবাসগুলোর কর্মীদের বিষয়ে মন্ত্রণালয় পর্যালোচনা করে সিদ্ধান্ত নেয়। এটা স্বাভাবিক প্রক্রিয়া। পাকিস্তানের ক্ষেত্রেও এটাই করা হয়েছে।’
সরকারি সূত্রের কথা উল্লেখ করে খবরে বলা হয়েছে, গোয়েন্দাদের পাঠানো সতর্কতার পর এই ব্যবস্থা নিয়েছে সরকার। গোয়েন্দ সূত্রের মতে, এই বাচ্চারা হলো জঙ্গিদের ‘সফট টার্গেট’। পাকিস্তানের যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে জঙ্গিরা দূতাবাসের বাচ্চাদের টার্গেট করতে পারে। সে জন্যই এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হলো।
উল্লেখ্য, এর আগে তালেবানরা পাকিস্তানে সেনাবাহিনী পরিচালিত একটি স্কুলে হামলা চালিয়েছে। তাতে অনেক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, বর্তমান শিক্ষাবর্ষ থেকেই শিশুদের পাকিস্তানের বাইরে অন্য জায়গায় স্কুলে ভর্তি করাতে হবে। ফলে বর্তমানে বন্ধ থাকা পাকিস্তানের স্কুলে ভারতীয় দূতাবাস কর্মীদের সন্তানরা আর ফিরছে না। ছুটির পর তারা ভারতে ফিরবে অথবা অন্য কোনও দেশে ভর্তি হবে।
/এমপি/