ডন

পাকিস্তানে টানা বর্ষণ ও বন্যায় ২২ জনের মৃত্যু

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও পাঞ্জাব প্রদেশে ভারী বর্ষণ ও ঢলে অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ৬০ জন। মঙ্গলবার রাত থেকে বৃষ্টি শুরু হয়ে পরদিন বুধবার বিকেল পর্যন্ত টানা বৃষ্টি হয়েছে। খাইবার পাখতুনখোয়া ও পাঞ্জাবের কয়েকটি এলাকায় অতি বৃষ্টি ও পাহাড়ি ঢলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ বিষয়টি নিয়ে বৃহস্পতিবার শিরোনাম করেছে পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডন।

পাকিস্তান আবহাওয়া বিভাগ খাইবার পাখতুনখোয়ার চিত্রল জেলায় হিমবাহের হ্রদ উপচে হঠাৎ বন্যা হতে পারে বলে সতর্কতা জারি করেছে।

২ জুলাই চিত্রলে এরকম হঠাৎ বন্যার কারণে ২৯ জন প্রাণ হারিয়েছিলেন।

Dawn

প্রদেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, বৃষ্টিজনিত দুর্ঘটনায় অ্যাবোটাবাদে তিনজন ও আপার দির এলাকায় দুজনের মৃত্যু হয়েছে। অ্যাবোটাবাদে একটি আবাসিক কোয়ার্টার ও হরিপুরে দুটি বাড়ি ধসে পড়েছে।

বাত্তাগ্রাম জেলায় একটি খাল পার হওয়ার সময় ঢলের পানির তীব্র স্রোতে ভেসে গিয়ে এক দম্পতির মৃত্যু হয়েছে। স্থানীয় লোকজন তাদের মৃতদেহ উদ্ধার করেছে।

ব্যাপক বৃষ্টিপাতের কারণে প্রদেশটির অ্যাবোটবাদ, সোয়াত, পেশোয়ার, রিসালপুর, খোটসহ বেশ কয়েকটি এলাকার তাপমাত্রা হ্রাস পেয়েছে। পেশোয়ারে অস্বাভাবিক আর্দ্র আবহাওয়া বিরাজ করছে।

প্রদেশেটির ওরাকজাই এজেন্সিতে যাত্রীবাহী একটি ভ্যান প্রবল বৃষ্টির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে পড়ে বন্যার পানিতে তলিয়ে গেলে এর পাঁচ যাত্রী মৃত্যুবরণ করেন। এছাড়া আরো ১৭ যাত্রী আহত হন।

ভারী বর্ষণে পাঞ্জাবের লাহোর থেকে রাওয়ালপিন্ডি পর্যন্ত জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এখানে অন্ততপক্ষে সাতজনের মৃত্যু হয়েছে এবং আরো ৩৮ জন আহত হয়েছেন।

শিয়ালকোট এলাকায় ব্যাপক বৃষ্টিপাতের পর চেনাব নদীর তীরবর্তী এলাকা প্লাবিত হয়েছে।

আগামী ২৪ ঘণ্টায় ঝিলাম ও চেনাব নদী অববাহিকা এলাকায় ব্যাপক বন্যার সতর্কতা জারি করা হয়েছে।

/এমপি/