সার্ক সম্মেলনে বিভিন্ন দ্বিপাক্ষিক সমস্যা নিয়ে পাকিস্তানি নেতাদের সঙ্গে রাজনাথের বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে পাঠানকোট বিমান ঘাঁটিতে জঙ্গি হামলার পর ভারত-পাকিস্তানের মধ্যে এটাই হবে প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক।
ইসলামাবাদে ৩ আগস্ট সার্ক শীর্ষ সম্মেলন বসছে। রাজনাথ সিংহ ইসলামাবাদ যাচ্ছেন দু’দিনের সফরে। সন্ত্রাস, মাদক এবং অস্ত্রের চোরাকারবারের ইস্যু এবার সার্ক সম্মেলনে গুরুত্ব দিয়ে আলোচিত হওয়ার কথা রয়েছে। সে আলোচনায় পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রী চৌধুরী নিসার আলি খানও উপস্থিত থাকতে পারেন বলে জানা যাচ্ছে। সার্ক সম্মেলনের ফাঁকে কোনো পাক শীর্ষনেতার সঙ্গে রাজনাথের যদি আলাদা করে বৈঠক হয়, তা হলে সন্ত্রাস এবং কাশ্মীর নিয়ে আলোচনা যে হবেই, তা বলাই বাহুল্য। পাঠানকোট হামলার পর থেকে একাধিকবার দু’দেশের মধ্যে উচ্চস্তরীয় বৈঠক ভেস্তে গিয়েছে।
সার্ক সম্মেলনের সুবাদে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পাকিস্তান যাওয়ায় উত্তপ্ত পরিস্থিতির মধ্যেও দ্বিপাক্ষিক আলোচনার সম্ভাবনা তৈরি হচ্ছে। ৮ জুলাই কাশ্মীরে সেনা অভিযানে হিজবুল মুজাহিদিন নেতা বুরহান ওয়ানির মৃত্যুর পর থেকে ভারত-পাক সম্পর্ক আরও তিক্ত হয়েছে। কাশ্মীরে সহিংসতার পেছনে পাকিস্তানের হাত রয়েছে বলে ভারত সরকার অভিযোগ করেছে।
পাকস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ একাধিক বার কাশ্মীর নিয়ে মন্তব্য করেছেন। এমনকি গোটা কাশ্মীরকে পাকিস্তানের অন্তর্ভুক্ত করার কথাও ঘোষণা করেছেন। পাক প্রধানমন্ত্রীর এই বক্তব্যের তীব্র নিন্দা করে ভারতের বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ বলেছেন, ‘কাশ্মীর দখল করার যে স্বপ্ন পাকিস্তান দেখছে, পৃথিবীর অন্তিম দিন পর্যন্ত সেই স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে।’ এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যে রাজনাথ সিংহের ইসলামাবাদ সফর কূটনৈতিক দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ, বলছে ওয়াকিবহাল মহল।
/এমপি/