গত বছর লোকসভায় জিএসটি বিল পাস হলেও বিরোধীদের সমর্থন না থাকায় রাজ্যসভায় তা বেশ কয়েকবার পাস করাতে ব্যর্থ হয় মোদি সরকার।
জুলাই মাসের ১৮ তারিখ থেকে রাজ্য সভায় চলছে গ্রীষ্মকালীন অধিবেশন। বেশ কয়েক দিন ধরে অধিবেশন চললেও জিএসটি বিল এখনও পর্যন্ত রাজ্যসভায় পেশ করেনি সরকার । আগামী সপ্তাহের শুরুতেই এই বিল রাজ্যসভায় পেশ হবে বলে জানিয়েছেন মুখতার আব্বাস নাকভি ।
মনে করা হচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গুরুত্বপূর্ণ পদক্ষেপ। রাজনৈতিক বিশ্লেষকদের দাবি, গত দশ-এগারো দিন ধরে মোদি ও তার মন্ত্রিসভা বিরোধীদের মনোভাব খানিকটা যাচাই করে নিয়েছেন। কাশ্মির ও দলিত ইস্যুতে সংসদের উভয় কক্ষেই বিরোধী ঝড় যেভাবে মোদি সরকারকে চাপে রেখেছিল, তার মধ্যে জিএসটি প্রস্তাব আনলে তাতে হিতে বিপরীত হত। আর সে কারণেই নরেন্দ্র মোদি জিএসটি বিলটি উত্থাপনের জন্য আরও এক সপ্তাহ অপেক্ষা করেছেন।
চলতি বছরের পয়লা এপ্রিল থেকে জিএসটি কার্যকর করার ইচ্ছার কথা মোদি সরকার আগেই জানিয়েছিল। কিন্তু রাজ্যসভায় এই বিল আটকে যাওয়ায় তা আর বাস্তবায়িত করা যায়নি। এ জন্য সরকার ও বিরোধী দল একে অপরের উপর দোষ চাপিয়েছে।
লোকসভায় বিজেপির সংখ্যাগরিষ্ঠতা বেশি। তাই, গত বছরের মে মাসেই সংসদের নিম্নকক্ষে জিএসটি বিল পাশ করিয়ে নিতে মোদি ও বিজেপির কোনও অসুবিধা হয়নি। কিন্তু রাজ্যসভায় বিরোধীদের সংখ্যাগরিষ্ঠতা থাকায় বিলটি পাস হয়নি। এর পর এই বিল যায় সংসদীয় প্রস্তাব কমিটির কাছে। আগামী ১২ জুলাই শেষ হচ্ছে চলতি গ্রীষ্মকালীন অধিবেশন। কেন্দ্র তার আগেই এই বিল পাস করিয়ে নিতে চাইছে।
/এএ/