ডন

স্কুলের বিষয়ে সিদ্ধান্তের প্রভাব শিক্ষার্থীদের ওপর পড়বে না

তুরস্কে ব্যর্থ সেনা অভ্যুত্থানের পর দেশটির গুলেন মুভমেন্ট পরিচালিত স্কুলগুলো বন্ধের সিদ্ধান্ত নিয়েছে তুর্কি কর্তৃপক্ষ। গত ১৫ জুলাই-এর ব্যর্থ অভ্যুত্থানের জন্য তুর্কি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্র প্রবাসী ফেতুল্লাহ গুলেনকে অভিযুক্ত করে এ পদক্ষেপ নেওয়া হয়। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলেন পাকিস্তান সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু। তিনি বলেন, গুলেন স্কুলগুলোর বিষয়ে সরকারের নেওয়া সিদ্ধান্তের প্রভাব শিক্ষার্থীদের ওপর পড়বে না। এর ফলে তারা ক্ষতিগ্রস্ত হবে না। এ বিষয়টি নিয়ে বুধবার শিরোনাম করেছে পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডন।

তুরস্কের এ পরিকল্পনার ধারাবাহিকতায় পাকিস্তান জানিয়েছে, তাদের দেশে এ স্কুলগুলোর শাখা নিয়ে তদন্ত করবে ইসলামাবাদ।

পাকিস্তানের পররাষ্ট্র নীতিমালা বিভাগের প্রধান সারতাজ আজিজ পার্কতুর্ক ইন্টারন্যাশনাল স্কুলস অ্যান্ড কলেজ বন্ধ করে দেয়ার বিষয়ে পুরোপুরি সম্মতি জানাননি। এই স্কুল নেটওয়ার্কগুলোয় মোট ১০ হাজার শিক্ষার্থী রয়েছে।

ফেতুল্লাহ গুলেন ও তার ধর্মীয় কার্যক্রমের বিরুদ্ধে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান-এর আন্তর্জাতিক প্রচারণার অংশ হিসেবে তুরস্কের পক্ষ থেকে স্কুলগুলো বন্ধের অনুরোধ জানানো হয়। প্রেসিডেন্ট এরদোয়ান ও তুরস্ক কর্তৃপক্ষের অভিযোগ, গুলেন ও তার অনুসারীরাই গত মাসের ব্যর্থ সেনা অভ্যুত্থানের জন্য দায়ী। পেনসিলভানিয়ায় স্বেচ্ছায় নির্বাসনে থাকা গুলেন নিজের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ অস্বীকার করেছেন।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু বলেছেন, গুলেনের সন্ত্রাসী দলকে সমূলে উত্পাটন করা হবে। এ দলটির নিজেদের প্রতিষ্ঠান রয়েছে এবং পাকিস্তানসহ অনেক দেশে যার উপস্থিতি থাকার বিষয়ে কোনও সন্দেহ নেই। এসব স্কুল বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে, এ বিষয়ে আমি নিশ্চিত। যে দেশগুলোয় এ ধরনের প্রতিষ্ঠানের অস্তিত্ব রয়েছে, তাদের নিরাপত্তা ও স্থিতিশীলতা চরম ঝুঁকির মধ্যে। ফলে এসব প্রতিষ্ঠান নিয়ে আমাদের খুবই সতর্ক থাকতে হবে।

এদিকে গণতন্ত্র ও স্বাধীনতার ক্ষেত্রে বিজয় অর্জন করায় তুরস্ককে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, পাকিস্তান অবশ্যই এ স্কুলগুলো নিয়ে তদন্ত করবে। তবে এ প্রতিষ্ঠানগুলো যদি ভালো ব্যবস্থাপনায় পরিচালনার পাশাপাশি সুশিক্ষা দিয়ে থাকে, তাহলে এগুলো বন্ধ নাও হতে পারে। আমরা এক্ষেত্রে বিকল্প পথের অনুসন্ধান করব।

/এমপি/