রাজনাথের পাকিস্তান সফরকে ঘিরে পাকিস্তানজুড়ে বিক্ষোভ-প্রতিবাদের ডাক দিয়েছেন লস্কর প্রতিষ্ঠাতা হাফিজ সঈদ। তার হুঁশিয়ারি, রাজনাথ পাকিস্তানে এলে দেশজুড়ে প্রতিবাদ হবে। যদিও এমন হুঁশিয়ারি গুরুত্ব দিতে রাজি নয় ভারত।
নিরাপত্তার কথা মাথায় রেখে রাজনাথ সিংকে হেলিকপ্টারে করে বিমানবন্দর থেকে হোটেলে নিয়ে যাওয়া হয়। গোটা হোটেল চত্বর নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। এই হোটেলেই সার্ক সম্মেলন।
বৃহস্পতিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বসছে সার্কভুক্ত দেশগুলোর স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এ বৈঠক। এ বৈঠকে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের মতো বিষয়গুলো উঠে আসতে পারে।
ইসলামাবাদের উদ্দেশে যাত্রার আগে রাজনাথ সিং জানান, সন্ত্রাসবাদ ও সংগঠিত অপরাধের বিরুদ্ধে আঞ্চলিক স্থিতাবস্থা বজায় রাখার ওপর তিনি নজর দেবেন।
তিনি বলেন, এই বৈঠকে আঞ্চলিক নিরাপত্তাকে সুনিশ্চিত করার জন্য যা যা প্রয়োজন তার সব প্রসঙ্গই উঠবে।
জানা গেছে, বৈঠকে ভারতে নাশকতামূলক কার্যকলাপ বন্ধ করার জন্য পাকিস্তানের ওপর চাপ সৃষ্টি করবেন রাজনাথ। একইসঙ্গে লস্কর-ই-তৈয়বা এবং জয়েশ-ই-মোহাম্মদের মতো জঙ্গিগোষ্ঠীকে নিয়ন্ত্রণ করার জন্যও ইসলামাবাদকে অনুরোধ জানাবেন তিনি।
নাশকতা ও সন্ত্রাসবাদ ছাড়াও ভিসা-প্রসঙ্গ এবং মাদক ও অস্ত্র-পাচার রোধ নিয়েও আলোচনা হবে প্রতিনিধিদের মধ্যে।
/এমপি/