দ্য ওয়াশিংটন পোস্ট

মেক্সিকোর প্রেসিডেন্টের সঙ্গে দেখা করলেন ট্রাম্প

শেষ পর্যন্ত মেক্সিকো সফরে গেলেন ডোনাল্ড ট্রাম্প। দেখা করলেন দেশটির প্রেসিডেন্ট পেনা নিয়েতোর সঙ্গে। এর আগে দেশটি সম্পর্কে ব্যাপক নেতিবাচক মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছিলেন যুক্তরাষ্ট্রের এ ব্যবসায়ী কাম রাজনীতিক। তবে এবার মেক্সিকো সরকারের আমন্ত্রণেই দেশটি সফর করলেন তিনি। এ বিষয়টি নিয়ে বৃহস্পতিবার শিরোনাম করেছে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট।

The Washington Post

মঙ্গলবার (৩০ আগস্ট) এক টুইট বার্তায় এ সফরের বিষয়টি নিশ্চিত করেন রিপাবলিকান পার্টির এ প্রেসিডেন্ট প্রার্থী। টুইটারে দেওয়া পোস্টে তিনি বলেন, আমি মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিকো পেনা নিয়েতোর আমন্ত্রণ গ্রহণ করেছি। বুধবার তার সঙ্গে আমার সাক্ষাৎ হচ্ছে।

পরে মেক্সিকো গিয়ে দেশটির প্রেসিডেন্ট পেনা নিয়েতোর সঙ্গে বৈঠকে মিলিত হন ডোনাল্ড ট্রাম্প।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের দুই হেভিওয়েট প্রার্থী হিলারি ক্লিনটন ও ডোনাল্ড ট্রাম্পকে আমন্ত্রণ জানান মেক্সিকোর প্রেসিডেন্ট পেনা নিয়েতো। মূলত ওই আমন্ত্রণের প্রেক্ষিতেই ট্রাম্পের এ সফর।

এ সফরের আগে নির্বাচনি প্রচারণায় যুক্তরাষ্ট্রে অভিবাসী মেক্সিকানদের ‘সন্ত্রাসী’ ও ‘ধর্ষক’ হিসেবে অ্যাখ্যা দেন ডোনাল্ড ট্রাম্প। তবে রাষ্ট্রীয় আমন্ত্রণে দেশটি সফরের কয়েক ঘণ্টার মধ্যেই আবারও দেশটি সম্পর্কে অনেকটা আগের মতোই আক্রমণাত্মক সুরে কথা বললেন রিপাবলিকান পার্টি থেকে মনোনীত এই প্রেসিডেন্ট প্রার্থী।

সংক্ষিপ্ত মেক্সিকো সফর শেষে দেশে ফিরে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে অভিবাসন ইস্যুতে বক্তব্য রাখেন ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি আবারও যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে প্রাচীর তৈরির ঘোষণা দেন। কথিত অভিবাসনপ্রত্যাশীদের ঠেকানোর জন্য এ সীমান্তে দেয়াল তোলার প্রস্তাব করেন তিনি। একইসঙ্গে দাবি করেন, সীমান্ত দেয়াল নির্মাণের শতভাগ ব্যয় বহন করবে মেক্সিকো।

অ্যারিজোনায় দেওয়া ভাষণে ট্রাম্প বলেন, তিনি যুক্তরাষ্ট্র সীমান্তকে সুরক্ষিত করবেন। লাখ লাখ অবৈধ অভিবাসীকে বিতাড়ন করা হবে।

ট্রাম্প দাবি করেন, মেক্সিকো সফরে দেয়াল নির্মাণের ব্যয় সংক্রান্ত বিষয়ে কোনও আলোচনা হয়নি। তবে পরে মেক্সিকোর প্রেসিডেন্ট দৃঢ়তার সঙ্গে জানান, তিনি ট্রাম্পকে সাফ জানিয়ে দিয়েছেন এ ব্যাপারে তার দেশ কোনও অর্থ পরিশোধ করবে না।

উল্লেখ্য, এর আগে নির্বাচনি প্রচারণায় যুক্তরাষ্ট্রে অভিবাসী মেক্সিকানদের ‘সন্ত্রাসী’ ও ‘ধর্ষক’ হিসেবে অ্যাখ্যা দেন ডোনাল্ড ট্রাম্প। আর তাদের ঠেকাতেই দুই দেশের সীমান্তে দেয়াল নির্মাণের পরিকল্পনার কথা জানান আলোচিত-সমালোচিত ব্যবসায়ী থেকে রাজনীতিতে আসা ট্রাম্প।

/এমপি/এসএ/