দ্য হিন্দু

জেলে হামলা চালিয়ে বিদ্রোহী শিখ নেতাকে মুক্ত করলো সশস্ত্ররা

দ্য হিন্দুভারতের পাঞ্জাবের নাভা জেলে হামলা চালিয়ে বিদ্রোহী গোষ্ঠী খলিস্তান লিবারেশন ফোর্সের প্রধান হরমিন্দর সিং মিন্টুসহ আরও চার ব্যক্তিকে ছাড়িয়ে নিয়ে গেছে সশস্ত্ররা। রবিবার (২৭ নভেম্বর) সকালে ৫ সশস্ত্র ব্যক্তি এ হামলায় অংশ নেন। সোমবার ভারতের অন্যতম দৈনিক পত্রিকা দ্য হিন্দু খবরটি প্রধান শিরোনাম প্রতিবেদন হিসেবে প্রকাশ করেছে।

খবরে বলা হয়েছে, পুলিশের পোশাকে পাঁচ সশস্ত্র ব্যক্তি নাভা জেলের ভেতর ঢুকে পড়ে। জেলে ঢুকে প্রায় একশো রাউন্ড গুলি চালায় হামলাকারীরা। পরে হরমিন্দর সিং মিন্টুসহ আরও ৫ বন্দি পালিয়ে যায়। রাজ্যের উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছেন। পাঞ্জাব জুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। পালিয়ে যাওয়া অন্য বন্দিরা হলো-ভিকি গোন্ডার, গুরপ্রীত শেখন, নীতা দেওল এবং বিক্রমজিত সিং ভিকি।

উল্লেখ্য, খলিস্তান লিবারেশন ফোর্স হলো মূলত খলিস্তান মুভমেন্টের সঙ্গে জড়িত একটি সংগঠন। পাঞ্জাবের শিখদের জন্য আলাদা ভূখণ্ডের দাবিতে এ আন্দোলনটি হয়ে থাকে। ৪৭ বছর বয়সি হরমিন্দর সিং মিন্টুকে ২০১৪ সালে দিল্লি বিমানবন্দর থেকে গ্রেফতার করে পাঞ্জাব পুলিশ। তার বিরুদ্ধে একাধিক সন্ত্রাসমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ আনা হয়।১৯৮০-র দশক ও ৯০-র দশকের গোড়ার দিকে অঞ্চলটিতে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন হয়।

মিন্টুর বিরুদ্ধে ২০০৮ সালে বিস্ফোরক দ্রব্য রাখার অভিযোগ রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে।

ভারতে সর্বশেষ কয়েদি পালানোর এই ঘটনা দেশটির কর্তৃপক্ষকে বিব্রতকর অবস্থায় ফেলে দিয়েছে। গত মাসে মধ্য প্রদেশের ভূপাল নগরীর একটি অতি সুরক্ষিত জেলখানা থেকে ৮ বন্দি পালিয়ে যায়।

/এএ/