দ্য নিউ ইয়র্ক টাইমস

নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে রাশিয়াকে যুক্তরাষ্ট্রের শাস্তি

দ্য নিউ ইয়র্ক টাইমসনির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ৩৫ জন রুশ কূটনীতিককে বহিষ্কারের নির্দেশ দিয়েছেন। এই খবরটিকে শুক্রবারের প্রধান শিরোনাম করেছে প্রভাবশালী মার্কিন সংবাদপত্র দ্য নিউ ইয়র্ক টাইমস।
এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ‘রাশিয়ার কর্মকাণ্ডের ব্যাপারে সব মার্কিন নাগরিকেরই সচেতন থাকা উচিত।’ সেই সঙ্গে মার্কিন বিশেষজ্ঞদেরও রুশ সাইবার হামলার ঝুঁকি চিহ্নিত করা এবং তা থেকে রেহাই পাওয়ার উপায় খোঁজার আহ্বান জানিয়েছেন তিনি।

প্রেসিডেন্টের নির্বাহী আদেশে নির্বাচনে কথিত হস্তক্ষেপের অভিযোগে যুক্তরাষ্ট্রে অবস্থানরত ৩৫ জন রুশ কূটনীতিককে বহিষ্কারের কথা এক বিবৃতিতে জানানো হয়। ওয়াশিংটন ডিসি এবং সান ফ্রান্সিসকো কনস্যুলেটের এসব কূটনীতিক এবং তাদের পরিবারকে ৭২ ঘণ্টার মধ্যে নিজ দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে মার্কিন প্রশাসন।

মার্কিন অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নির্বাচন প্রক্রিয়াকে ‘খেলো’ করার চেষ্টার জন্য যারা দায়ী এসব পদক্ষেপ তাদের বিরুদ্ধেই নেওয়া হয়েছে।

রাশিয়ার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞায় আরও যুক্ত হয়েছে নিউ ইয়র্ক ও ম্যারিল্যান্ডে দু’টি রুশ স্থাপনা; যা মার্কিন কর্তৃপক্ষ বন্ধ করে দিয়েছে। মার্কিন প্রশাসনের দাবি, এগুলো গোয়েন্দা তথ্য কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো। মস্কোতে যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের হয়রানির ঘটনাও এমন সিদ্ধান্তে রশদ যুগিয়েছে। সেই সঙ্গে রুশ গোয়েন্দা সংস্থার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে নয়টি সংস্থা এবং বিভিন্ন ব্যক্তির ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

ধারণা করা হচ্ছে, এই বহিষ্কারাদেশের বিরুদ্ধে পাল্টা মার্কিন কূটনীতিক বহিষ্কার করতে পারে রাশিয়া।

সম্প্রতি ডেমোক্র্যাটিক পার্টি এবং হিলারি ক্লিনটনের নির্বাচনি প্রচারণা রুশ হ্যাকারদের কবলে পড়েছিল; এমন অভিযোগের প্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা রাশিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন। যদিও রাশিয়া প্রথম থেকেই এসব অভিযোগ নাকচ করে আসছে।

/এসএ/এমপি/