দ্য গার্ডিয়ান

ব্রাসেলসে বৈঠকরত ইইউ নেতাদের বিরুদ্ধে যুদ্ধংদেহী থেরেসা মে

The Guardianব্রাসেলসে বৈঠকরত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতাদের উদ্দেশ্যে প্রায় যুদ্ধংদেহী ভাষায় কথা বলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। তিনি বলেন, ইউরোপিয়ান রাজনীতিকরা যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনের ফল প্রভাবিত করার চেষ্টা করছেন। এর মধ্য দিয়ে আদতে তারা যুক্তরাজ্যের জন্য হুমকি হয়ে উঠছেন। বেলজিয়ামে রাজধানী ব্রাসেলসের বৈঠকে অংশ নেওয়া ইইউ নেতাদের ‘ব্রাসেলসের আমলা’ হিসেবে উল্লেখ করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

পার্লামেন্ট ভেঙে দিতে বুধবার বাকিংহ্যাম প্যালেসে রানি দ্বিতীয় এলিজাবেথ-এর সঙ্গে দেখা করেন থেরেসা মে। এদিন মধ্যরাতে ব্রিটিশ পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়।  

বাকিংহাম প্যালেসে রানির সঙ্গে সাক্ষাতের পর ডাউনিং স্ট্রিটের বাইরে থেরেসা মে বক্তব্য রাখেন। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নে কেউ কেউ চায় না ব্রেক্সিট আলোচনা সফল হোক।

থেরেসা মে জানান, গত কয়েক দিনের পরিস্থিতিতে দেখা গিয়েছে ব্রেক্সিট আলোচনা কত কঠিন হবে। তিনি বলেন, ইউরোপীয় পত্রিকাগুলোর খবরে ব্রিটেনের অবস্থান ভুলভাবে তুলে ধরা হয়েছে।  ইউরোপিয়ান রাজনীতিক ও কর্মকর্তারা ব্রিটেনের বিরুদ্ধে হুমকি তৈরি করছেন। আর এসব কিছুই করা হচ্ছে ৮ জুন সাধারণ নির্বাচনের ফল প্রভাবিত করার জন্য।

তিনি বলেন, ৮ জুনের নির্বাচনে যিনি বিজয়ী হবেন, তাকে কঠোর পরিশ্রম করতে হবে। ব্রেক্সিটের পর যুক্তরাজ্যের জন্য সর্বোত্তম চুক্তি করতে তাকে নিরলস কাজ করে যেতে হবে। ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের পর যুক্তরাজ্যের জন্য ব্যাপক সম্ভাবনা রয়েছে। আমরা যদি এটাকে ভালোভাবে কাজে লাগাতে না পারি, তাহলে এর পরিণাম হবে গুরুতর।

/এমপি/