দ্য নিউ ইয়র্ক টাইমস

হাউসে পাস হলো স্বাস্থ্যসেবা বিল, যাচাই হবে সিনেটে

দ্য নিউ ইয়র্ক টাইমসদুই দফা ব্যর্থ প্রচেষ্টার পর অবশেষে হাউস অব রিপ্রেজেন্টিভিস-এ মাত্র ৪ ভোটের ব্যবধানে পাস হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাস্থ্য বিল। বৃহস্পতিবার এ স্বাস্থ্যনীতিকে আইনে পরিণত করার জন্য কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টিটিভস বা প্রতিনিধি পরিষদে ভোটাভুটি অনুষ্ঠিত হয়। ২১৭-২১৩ ভোটে বিলটি পাস হয়। এবার এখন এ বিলটি আইনে পরিণত করতে বিবেচনার জন্য কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে পাঠানো হবে। শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস খবরটি শিরোনাম প্রতিবেদন হিসেবে প্রকাশ করেছে।

গত সপ্তাহের শুরুতেও হাউস ও সিনেটের সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকানদের মধ্যে ট্রাম্পের এই স্বাস্থ্যনীতিকে সমর্থন নিয়ে বিভক্তি ছিল। তবে বৃহস্পতিবার বিলটি পাস হওয়ার বিষয়ে ট্রাম্প আশাবাদী ছিলেন।

ওবামাকেয়ার বলে পরিচিত সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার স্বাস্থীনীতির গুরুত্বপূর্ণ ধারাগুলো বাদ দিয়ে ট্রাম্প এই স্বাস্থ্য বিল প্রস্তাব করেছেন।  দুবার ব্যর্থ হওয়ার পর বিলটি হাউসে পাস হওয়ার ফলে এটাকেই এ পর্যন্ত ট্রাম্পের সবচেয়ে বড় সংসদীয় সাফল্য বলে বিবেচনা করা হচ্ছে।

২০ মার্চ হাউস অব রিপ্রেজেন্টিটিভসে রিপাবলিকান সদস্যরা নতুন স্বাস্থ্যনীতি উপস্থাপন করেন। তখন ‘আমেরিকান হেলথ কেয়ার অ্যাক্ট’ নামে ট্রাম্প প্রশাসনের এ স্বাস্থ্য বিলে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সংস্কারের প্রস্তাব করা হয়।

নির্বাচনি প্রচারণায় চলমান স্বাস্থ্যনীতি ওবামাকেয়ার পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। তবে বর্তমানে ওবামাকেয়ারের সেবা নেওয়া অনেক রোগী এতে ক্ষতিগ্রস্ত হতে পারেন বলে আশঙ্কা করছেন অনেকে।  ফলে প্রথম দফায় বিলটি নিয়ে ভোট আয়োজনে ট্রাম্পের প্রস্তাব আটকে যায়। তখন ট্রাম্প কয়েক দফা রিপাবলিকানদের সঙ্গে আলোচনা করেও ভোট আয়োজনে ব্যর্থ হয়েছিলেন। এরপর একটি সংশোধিত প্রস্তাব দেন ট্রাম্প। এতে করে বিলটির পক্ষে সমর্থন জানাতে শুরু করেন রিপাবলিকানরা।

বিলটি হাউসে পাস হওয়ার পর ট্রাম্প ওবামার স্বাস্থ্যনীতি ‘ওবামাকেয়ার’-কে মৃত বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘কোনও ভুল না করে এটিকে বাতিল করা হয়েছে। এখন ওবামাকেয়ার কার্যত মৃত।’

ট্রাম্প আরও বলেন, ‘স্বাস্থ্যবিমার প্রিমিয়ামের পরিমাণ কমে আসবে। বীমা কোম্পানিকে কম অর্থ দিতে হবে। তবে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ হলো, এটা এক অসাধারণ পরিকল্পনা।’

নতুন বিলে ‘ওবামাকেয়ার’-এর বড় অংশ স্বাস্থ্যবিমাকেই বাতিল করে দেওয়া হয়েছে। ওবামাকেয়ারের বাতিল হওয়া অংশ রিপাবলিকানদের প্রণীত স্বাস্থ্যবিমা পরিকল্পনা দিয়ে প্রতিস্থাপন করা হয়েছে। সূত্র: নিউ ইয়র্ক টাইমস।

/এএ/