চায়না ডেইলি

ডানা মেললো চীনা যাত্রীবাহী বিমান সি৯১৯

China Dailyআকাশে ডানা মেললো দূরপাল্লার চীনা যাত্রীবাহী বিমান সি৯১৯। দুই ইঞ্জিনের বিমানটি ১৬৮ জন যাত্রী বহনে সক্ষম। প্রতি উড্ডয়নে এটি আকাশে সর্বোচ্চ সাড়ে ৫ হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম। চীনের নির্মিত এ ধরনের কোনও যাত্রীবাহী বিমানের উড্ডয়ন এটাই প্রথম। বোয়িং এবং এয়ারবাসের মতো বিশ্বখ্যাত বিমান সংস্থাগুলোর প্রতিদ্বন্দ্বী হিসেবেই আবির্ভূত হয়েছে এই কোমাক সি৯১৯ এয়ারক্রাফট। মূলত এর মধ্য দিয়ে বিমান বিকিকিনির বাজারে সাফল্যের নজির দেখাতে চায় বেইজিং। এ বিষয়টি নিয়ে শনিবার শিরোনাম করেছে চীনভিত্তিক সংবাদমাধ্যম চায়না ডেইলি।

৫ মে ২০১৭ শুক্রবার প্রায় ৯০ মিনিট উড্ডয়নের পর সাংহাইয়ের পুডং বিমানবন্দরে অবতরণ করে সি৯১৯। বিমানটি উড্ডয়নের সময় সেখানে ভিড় করেন কয়েক হাজার উৎসুক মানুষ।

৩ হাজার মিটার উচ্চতা দিয়ে উড়ে যাওয়ার সময় এর সর্বোচ্চ গতি ছিলো ঘণ্টায় ৩০০ কিলোমিটার। প্রথম ফ্লাইটে সি৯১৯ এয়ারক্রাফটের আরোহী ছিলেন মাত্র ৫ জন। তারা মূলত বিমানটির পাইলট ও ইঞ্জিনিয়ার। এর বাইরে কোনও সাধারণ যাত্রী ছিল না।

চীনের তৈরি কোমাক সি৯১৯ প্লেনটি ক্রেতাদের জন্য বেশ সাশ্রয়ী হবে। এর প্রতি ইউনিটের দাম পড়বে ৫ কোটি ডলার। এ দাম একই ডিজাইনের বোয়িং ৭৩৭ এবং এয়ারবাস এ ৩২০ প্লেনের দামের প্রায় অর্ধেক। সাশ্রয়ী দামের কল্যাণে এরইমধ্যে অন্তত ২৩টি প্রতিষ্ঠানের থেকে অর্ধসহস্রাধিক অর্ডার পেয়েছে যাত্রীবাহী বিমানটির নির্মাতা প্রতিষ্ঠান কোমাক। ক্রেতাদের অধিকাংশই চীনা প্রতিষ্ঠান।

এর আগে চলতি বছরের এপ্রিলে নতুন একটি বিমানবাহী রণতরী উদ্বোধন করেছে চীন। দেশটির সামরিক বাহিনীতে এটি দ্বিতীয় বিমানবাহী রণতরী। তবে চীনে এমন রণতরী নির্মাণের ঘটনা এবারই প্রথম। উত্তর-পূর্বাঞ্চলীয় বন্দর দালিয়ানে ওই রণতরীটিকে পানিতে নামানো হয়।

২৫ বছরেরও বেশি সময় আগে নির্মিত বিমানবাহী রণতরী লিয়াওনিং থেকে নতুন রণতরীটি অনেক উন্নত হবে বলে মনে করা হচ্ছে। ২০১৩ সালে এ রণতরীটির নির্মাণ কাজ শুরু হয়। চীনা কর্মকর্তারা যখন রণতরীটির উদ্বোধন করছিলেন, তখন লাউড স্পিকারে দেশাত্মবোধক সংগীত বাজছিল বলে সিনহুয়া জানিয়েছে।

চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ওই রণতরীতে চীনের জে-১৫ যুদ্ধবিমানসহ অন্যান্য বিমান থাকবে। তবে রণতরীটি পারমাণবিক ক্ষেপণাস্ত্র বহন করবে না।

যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়া পরস্পর উস্কানিমূলক কর্মকাণ্ড এবং মার্কিন বিমানবাহী রণতরী ভিনসন স্ট্রাইক গ্রুপকে কোরিয়া উপদ্বীপে পাঠানোর ঘোষণার পর শুরু হওয়া যুদ্ধাবস্থার মধ্যেই চীন রণতরীটি জলে নামিয়েছে।

/এমপি/